সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এসআরএফটিআই)-এ গত ২৭ সেপ্টেম্বরের ঘটনাকে কেন্দ্র করে তদন্তে গতি আনতে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করল নবান্ন। বুধবার রাজ্য স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের অভ্যন্তরীণ নিরাপত্তা শাখার তরফে এক বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এই বিশেষ তদন্তকারী দলের সামগ্রিক তত্ত্বাবধানের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম) কুনাল আগরওয়ালের কাঁধে।
প্রশাসন সূত্রের খবর, প্রতিষ্ঠানের সাম্প্রতিক ঘটনা ঘিরে পঞ্চসায়র থানায় মোট তিনটি এফআইআর দায়ের হয়েছিল। সেই মামলার ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তি, সংস্থা এবং কর্পোরেট প্রতিষ্ঠানের ভূমিকা খতিয়ে দেখতেই এই সিট গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তদন্ত প্রক্রিয়া পরিচালনা করবেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের নিয়ে গঠিত বিশেষ দলটি।
তদন্তকারী দলের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিডি) ডিসি স্পর্শ নিলাঙ্গি, সিআইডি-র ডিএসপি কৌশিক ঘোষ, কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখার এসিপি সলিল রায়, ইস্টার্ন সাবার্বান ডিভিশনের এসিপি তুষার কান্তি ঘোষ এবং গোয়েন্দা বিভাগের ইন্সপেক্টর হিরক দলপতি। এ ছাড়া তদন্তের স্বার্থে প্রয়োজন মনে করলে রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের অন্যান্য কর্মী ও আধিকারিকদের সাহায্য নেওয়ার পূর্ণ স্বাধীনতাও দেওয়া হয়েছে এই দলকে।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, তদন্তে কোনো ফাঁক রাখতে চাইছে না স্বরাষ্ট্র দফতর। তাই কাজের অগ্রগতি খতিয়ে দেখতে আগামী ১ অক্টোবরের মধ্যেই প্রথম রিপোর্ট রাজ্য সরকারের কাছে পেশ করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই জারি হওয়া বিজ্ঞপ্তির প্রতিলিপি পাঠানো হয়েছে রাজ্যের ডিজি ও আইজিপি, কলকাতার পুলিশ কমিশনার এবং সিটের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কাছে, যাতে অবিলম্বে পূর্ণাঙ্গ তদন্তের কাজ শুরু করে দেওয়া যায়।
















