দুর্গাপুজোয় মণ্ডপ চত্বরে বামেদের বুকস্টল নিয়ে বেজায় আপত্তি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই বিষয় নিয়ে ক্রমাগত সিপিএম তথা বামেদের আক্রমণ করে চলেছেন তিনি। ১০ সেপ্টেম্বর বিধানসভার পরে শনিবার ফের বামেদের বইয়ের স্টলে স্বামী বিবেকানন্দ, লোকানন্দজি বা ভারত সেবাশ্রম সংঘের প্রণব প্রকাশনের কোনও বই পাওয়া যেত না বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। এর পাল্টা স্যোশাল মিডিয়ায় তাঁকে বিবেকানন্দের ভাইয়ের বইয়ের উদাহরণ তুলে ধরেন সিপিএম নেতা শতরূপ ঘোষ (Shatarup Ghosh)। 

এর আগে বৃহস্পতিবার বিধানসভায় (Assembly) ‘দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ বিল ২০২৬’ পেশ করে বামেদের তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। বলেন, ”দুর্গা পূজা না লিখে শারোদৎসব লিখলে তথাকথিত কমিউনিস্টদের একটা স্টলও করতে দেবেন না।” এদিন সকালে কেষ্টপুরের একটি গণেশ পুজোর উদ্বোধনী মঞ্চ থেকে ৩৪ বছরের বাম জমানা এবং পরবর্তী ১৫ বছরের রাজনৈতিক পটপরিবর্তনের কথা তুলে ধরে আক্রমণ শানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, পুজোর সময় মণ্ডপের কাছাকাছি লাল শালু টাঙিয়ে বসানো বামেদের বইয়ের স্টলে কার্ল মার্ক্স ও লেনিনের বই থাকলেও, স্বামী বিবেকানন্দ, লোকানন্দজি কিংবা ভারত সেবাশ্রম সংঘের প্রণব প্রকাশনের কোনও বই পাওয়া যেত না। এমনকী পশ্চিমবঙ্গ তৈরির ইতিহাস বা দ্বিজাতি তত্ত্বের প্রসঙ্গও থাকত না বলে অভিযোগ করেন শুভেন্দু। তাঁর কথায়, হিন্দুদের ঐতিহ্য, শাস্ত্র, পঞ্জিকা ও পুজোর পরম্পরাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে বাম জমানা। 

এর পরেই সমাজমাধ্যমে এর পাল্টা লেখেন শতরূপ ঘোষ। মিডিয়া হ্যান্ডেলে লেখেন, "একটু আগে দেখলাম শুভেন্দু অধিকারী বলেছেন, সিপিএমের বইয়ের স্টলে মার্ক্স, লেনিনের বই পাওয়া যায়, বিবেকানন্দর বই পাওয়া যায় না। মাননীয় মুখ্যমন্ত্রীকে দুটো তথ্য দিতে চাই।" তাঁর দাবি, সিপিআইএম-এর বুক স্টলে স্বামী বিবেকানন্দের নিজের লেখা এবং তাঁকে নিয়ে লেখা বই সবই থাকবে। শতরূপের দাবি, স্বামী বিবেকানন্দের নিজের ভাই ডঃ ভূপেন্দ্রনাথ দত্ত স্বয়ং কমিউনিস্ট বিপ্লবী ছিলেন। তাঁর লেখা একটি বইয়ের প্রচ্ছদের ছবিও নিজের লেখার সঙ্গে পোস্ট করেন শতরূপ। 

সামনেই বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর তার মধ্যেই রাজ্য রাজনীতিতে বইয়ের স্টল এবং সনাতন সংস্কৃতি নিয়ে তরজা তুঙ্গে।