পুজোর আগে ফের বাংলার আকাশে দুর্যোগের মেঘ! ভাদ্র মাসের অস্বস্তিকর আবহাওয়ার মাঝেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত সক্রিয় হচ্ছে। বৃহস্পতিবারই নতুন করে নিম্নচাপ তৈরি হতে পারে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। শুক্রবার থেকে ফের দৃষ্টি দুর্যোগ আসতে চলেছে দক্ষিণবঙ্গে। হাওয়া অফিসের (Weather Department) পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আর্দ্রতাজনিত অস্বস্তি আর ভ্যাপসা গরমের মাঝেই বুধবার রাতে জেলায় জেলায় মুষলধারায় বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে মেঘ রোদের খেলা প্রকৃতিতে। হাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশ উপকূল সংলগ্ন এলাকায় থাকা ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫.৮ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি একটি মৌসুমি অক্ষরেখাও সক্রিয় রয়েছে। এর প্রভাবেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। কলকাতার ক্ষেত্রে আজ সারা দিনে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও আপাতত বড় কোনও দুর্যোগের পূর্বাভাস নেই।

নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের সম্ভাবনায় পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং দক্ষিণ ২৪ পরগনা জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। ঘণ্টায় ৪০- ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। হাওয়া অফিসের কর্তারা মনে করছেন প্রাক পুজো মরশুমে আরো কয়েক দিন বর্ষার আমেজ বজায় থাকবে। সমুদ্র উপকূলবর্তী এলাকায় বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।