তালসারিতে শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay) মৃত্যুর প্রায় সাড়ে চার মাস পর আচমকা নিজেকে অভিনেতার প্রেমিকা হিসেবে দাবি করা মৌমিতা পন্ডিতকে এবার একহাত নিলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী।সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে প্রয়াত অভিনেতার সঙ্গে তাঁর প্রেমের কথা বলতেই তাঁকে ভালোবাসার দায়িত্ব মনে করালেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী। । সমাজমাধ্যমের দীর্ঘ পোষ্টে  রাহুল-পত্নী প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar) ও অভিনেতার ছেলে সহজের (Sahoj Banerjee) প্রসঙ্গ উল্লেখ করে তিনি লেখেন, রাহুল যখন নিজের হয়ে কিছু বলার অবস্থায় নেই তখন তাঁর ব্যক্তিগত সম্পর্ককে এভাবে প্রকাশ্যে এনে কী লাভ? অভিনেতার মৃত্যুতে যখন তোলপাড় হয়েছিল টলিউড, তখন একবারও এই মৌমিতাকে প্রিয়াঙ্কা বা রাহুলের পরিবারে পাশে দাঁড়াতে দেখা যায়নি। এখনও যখন শোকের ভার এতোওটুকু কমেনি, তখন মৌমিতার এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য কতটা যন্ত্রণাদায়ক হতে পারে সেকথাও উল্লেখ করেছেন সুদীপ্তা।

রাহুল (Rahul Arunoday Bandopadhyay) সুদীপ্তার অত্যন্ত কাছের মানুষ ছিলেন। তাঁকে ভাই সম্বোধন করতে অভিনেত্রী। প্রিয় বাবিনের মৃত্যু এখনও মেনে নিতে পারেননি তিনি। সেই জায়গায় দাঁড়িয়ে বয়ঃসন্ধির মুখে থাকা সহজ (রাহুলের ছেলে) ও প্রিয়াঙ্কার মনের ঠিক কী অবস্থা সেই সম্পর্কে খুব ভালো করেই অবগত সুদীপ্তা। তাই এরকম পরিস্থিতিতে অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়ে যে চর্চা করেছেন মৌমিতা কিংবা যে সম্পর্কের দাবি করেছেন তার সত্যতা নিয়ে কোনও মন্তব্য না করে স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিয়েছেন ভালবাসার মানুষের প্রতি শ্রদ্ধা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। সেখানে মানুষটাই যখন আর বেঁচে নেই তখন কোথাও যদি প্রেমের সম্পর্ক থেকে থাকে তাহলে তার সব থেকে বড় প্রমাণ হওয়া উচিত ছিল প্রিয় মানুষটির সম্মান রক্ষা করা।

সুদীপ্তা (Sudipta Chakraborty) লেখেন, 'বাবিন যদি সত্যিই তোমাকে ভালবেসে থাকে, তাহলে তো তার আশপাশের এই মানুষগুলোর কথা তোমার ভাবা উচিৎ ছিল মৌমিতা, বাবিনের সম্মানের কথা ভাবা উচিৎ ছিল। সম্মান ছাড়া 'ভালোবাসা' তো হয় না ভাই, 'ভালোবাসার ভান' হয়।যে 'প্রেম' তোমার 'ছিল' বলে দাবি করছো, তা যদি সত্যি থেকে থাকে, তাহলে তার ভিডিও পোস্ট করে এত বড় অপমান টা না করলেই পারতে।খুব আঘাত পেলাম। খুব রাগ হলো, কিছুটা ঘৃণাও। ভালোবাসা বড় পবিত্র জিনিস, তাকে আগলে রাখতে হয়, এইভাবে বাজারে বিক্রি করে দিতে নেই।' শুধু তাই নয়, রাহুলের মৃত্যুর ন্যায়বিচারের দাবিতে যারা লড়াই করছেন, তাঁদের পাশে দাঁড়ানোর কথাও বলেছেন সুদীপ্তা। সমালোচনার পাশাপশি মৌমিতাকে নিজের জীবন, কাজ এবং প্রতিভার দিকে মন দেওয়ার পরামর্শও দিয়েছেন তিনি। বুঝিয়ে দিয়েছেন ভালবাসার সবথেকে বড় প্রমাণ কাছের মানুষের মৃত্যুর পর সেই সম্পর্কের প্রচারে নয় বরং তাঁর সম্মান রক্ষার দায়িত্ববোধে লুকিয়ে থাকে।