মোহিত সুরি (Mohit Suri) পরিচালিত রোম্যান্টিক অ্যাকশন থ্রিলার ছবি ‘আওয়ারাপন’-এর মুক্তির ঠিক ১৯ বছর পর বড়পর্দায় এল এই ছবিরই সিক্যুইল ‘আওয়ারাপন ২’। চলতি মাসেই মুক্তি পেয়েছে বহুচর্চিত এই ছবিটি এবং ইতিমধ্যেই পেরিয়েছে ১০০ কোটির ঘর। ছবির পরিচালক নীতিন কক্কর। লিখলেন শর্মিষ্ঠা ঘোষ চক্রবর্তী।
কেমন হল ইমরান অভিনীত 'আওয়ারাপন ২' , পড়ুন রিভিউ
Sponsored

২০০৭ সালে মুক্তি পেয়েছিল পরিচালক মোহিত সুরির ছবি ‘আওয়ারাপন’। এর ঠিক ১৯ বছর পর এবার সেই ছবিরই বহু প্রতীক্ষিত সিক্যুয়েল ‘আওয়ারাপন ২’ বড়পর্দায়। গত সপ্তাহে সানি দেওলের ‘বাটওয়ারা’ এবং ইমরান হাশমির ‘আওয়ারাপন ২’ দুটোই একযোগেই মুক্তি পেয়েছে। তবে ‘আওয়ারাপন ২’ ছবিটি শুরু থেকেই একটু বেশিই হাইপড। এর ফলে রিলিজের দিন থেকে ছবিটা নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। বক্স অফিসে দাপটে ব্যাট করতে শুরু করেছে। ছবির দ্বিতীয় দিনেই বিশ্ব জুড়ে আয় হয়েছিল প্রায় ৭২ কোটি ৯০ লক্ষ টাকা। ভারতীয় বক্স অফিসে প্রথম দিনে ‘আওয়ারাপন ২’ এর আয় প্রায় ২২ কোটি। দ্বিতীয় দিনে সিনেমাটির নেট আয় দাঁড়ায় প্রায় ৩৩ কোটি ৭৫ লক্ষ টাকা। মাত্র তিনদিনেই এই ছবি পেরিয়ে গেছে ১০০ কোটির ঘর।
সিরিয়াল কিলার নয়, সিরিয়াল কিসারের ইমেজধারি ইমরান হাশমি প্রথমবার ‘আওয়ারাপন’ ছবিতে নিজের ওই লাভার বয় মার্কা চেহারার ছক ভেঙে বেরিয়ে এসছিলেন। ইদানীং বেশিরভাগ ছবির ড্যাশিং রোম্যান্টিক অথচ অ্যাকশন হিরো ইমরান হাশমি সেই ধারা বজায় রেখেই আবার সিক্যুয়েলেও হাজির হয়েছেন। প্রথম ‘আওয়ারপন’ ছবির পরিচালক ছিলেন মোহিত সুরি। কাহিনিকার শগুফতা রফিক এবং ছবিটির প্রযোজনায় করেছিলেন মহেশ ভাট। সেই ছবিতে গ্যাংস্টার শিবম পণ্ডিতের নিঃস্বার্থ প্রেম সুন্দর করে ফুটিয়ে তুলেছিলেন পরিচালক সেই সঙ্গে ছবিতে ছিল ক্রাইম, অ্যাকশন, থ্রিলার-সহ বাণিজ্যিক ছবির সব রকমের মালমশলা। গানগুলোও হয়েছিল হিট। যেখানে ছবিটা শেষ হয়েছিল সেই ফ্ল্যাশব্যাকেই ছবিটার শুরু। বদলেছে পটভূমি এবং চরিত্রেরা। ১৯ বছর পর নিতিন কক্কর পরিচালিত ‘আওয়ারাপন ২’-এর কাহিনি এগিয়েছে থাইল্যান্ডের ব্যাংককের পটভূমিতে। এই ছবিতে ইমরান হাশমির সঙ্গে রয়েছেন দিশা পাটানি এবং শাবানা আজমি। একটা খুব ছোট্ট চরিত্রে দেখা যাবে বরুণ চন্দকে। স্পেশাল অ্যাপিরেন্সে আলিয়া চরিত্রে রয়েছেন শ্রিয়া শরণ। ছবিতে শিবম পণ্ডিতের জীবনে পেরিয়ে গেছে ১৯টা বছর।অন্ধকারজগৎ, লড়াই, রেষারেষি থেকে আজ সে শতহস্ত দুরে। গুজরাটে রণের এক ছোট্ট অজানা গ্রামে থাকে শিবম। প্রেমিকা আলিয়া বেঁচে নেই তারই স্মৃতি আঁকড়ে দিন নিজেকে গোপন করে গুজরান করে সে। আলিয়ার জন্মদিনে তাঁর কবরে ফুল দিতে গিয়ে একটি ছোট্ট শিশুকন্যাকে উদ্ধার করে সে। আলিয়ার নামেই মেয়েটির নাম দেয়। সেই শিশুটিকে আঁকড়ে ধরে বাঁচতে চায় বাকি জীবন। কিন্তু সবকিছু তো আর পরিকল্পনামাফিক হয় না। মানবপাচার চক্রের কবল থাকা এই মেয়েটিকে উদ্ধার করতেই আবার শিবমকে পা দিতে হয় সেই অন্ধকার দুনিয়ায়। যে জগতে আর কোনওদিন ফিরবে না বলে পণ করছিল সে। এরপর শুরু হয় অভিযান এবং একের পর এক সামনে আসতে থাকে অপরাধজগতের ক্ষমতাশালী চরিত্রেরা, সশস্ত্র দুষ্কৃতীরা। তৈরি হয় ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতার নানা জটিল আবহ।
এই ছবিতে শুরু থেকেই অ্যাকশন আবার ইমোশনও গুরুত্ব পেয়েছে সমানভাবে। শিবম পণ্ডিতের ব্যক্তিগত আবেগ, প্রেম সেই সঙ্গে অপরাধজগতের সংঘাত এবং পাচারচক্রের পর্দাফাঁস, শিশুপাচার রুখতে অভিযান— সব মিলিয়ে বেশ রোমহর্ষকভাবে তৈরি হয়েছে গল্পের মূল আবহ।পরিচালক নীতিন কক্কর ব্যাংককে একটা রুদ্ধশ্বাস ছবি এঁকেছেন। আন্ডারওয়ার্ল্ড, মানব পাচারচক্র, মাদকচক্র, মাফিয়া রাজ, গ্যাংস্টার যে প্রেক্ষাপট দেখতে খুব বাস্তবসম্মত লাগে। সিনেমার প্রথম পর্ব বা ফার্স্ট হাফ একটু ধীর হলেও সেকেন্ড হাফ বা দ্বিতীয় পর্বটা বেশি জমজমাট। রয়েছে অনেক ট্যুইস্ট অ্যান্ড টারেন। শিবম পণ্ডিত ওরফে ইমরান হাশমির মারকাটারি অ্যাকশন উপভোগ্য। দিশা পাটানি ভাল তবে সেরা হলেন শাবানা আজমি। ছবির কাহিনিকার বিলাল সিদ্দিকি।চিত্রনাট্যকার বিলাল সিদ্দিকি এবং বিশেষ ভাট। ইমরান হাশমির যে কোনও ছবি মানেই উপরিপাওনা হল দুর্দান্ত গান। এই ছবিও তার ব্যতিক্রম নয়। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গঙ্গোপাধ্যায়, মিঠুন, অমল মালিক, অখিল সচদেব, ওয়াসিফ আহমেদ। গীতিকার রেশমি ভিরাগ, সৈইদ কোয়াদ্রি, গান গেয়েছেন। ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন রাজু সিং। বিশেষ ফিল্মস ব্যানারে নির্মিত এই ছবির প্রযোজক বিশেষ ভাট।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored













