শ্যুটিং সেটে গুরুতর আহত হয়ে মুম্বাইয়ের ফোর্টিস রাহেজা হাসপাতালে ভর্তি বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান (Kartik Aryan)। কাশ্মীরের কিকবক্সিং চ্যাম্পিয়ন তাজামুল ইসলামের বায়োপিকে কাজ করছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা। ইতিমধ্যেই কার্তিককে নিয়ে পরিচালক কবীর খান (Kabir Khan) কাশ্মীর এবং মুম্বইয়ে শ্যুটিং শুরু করেছেন বলে খবর।

বলিউড (Bollywood) সূত্রে জানা গিয়েছে, টিনসেল টাউনে কিকবক্সিং রিংয়ের মধ্যে অ্যাকশন দৃশ্যের শ্যুট করতে গিয়ে হাঁটুতে গুরুতর চোট পান বড়পর্দার 'রুহ বাবা'। দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। আপাতত বন্ধ শ্যুটিং।চিকিৎসকরা জানিয়েছেন খুব দ্রুত নায়কের হাঁটুতে অস্ত্রোপচার করা হবে। কার্তিকের শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত কিছু জানা না গেলেও অভিনেতার ঘনিষ্ঠদের কথায়, অপারেশনের পর বেশ কিছুদিন বিশ্রাম নিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে কাজে ফিরতে চান হিন্দি বিনোদন জগতের ‘চন্দু চ্যাম্পিয়ন’।