দেশু ৭-র (Desu 7) ম্যাজিক টলিউডে। সিনেমার ঘোষণা থেকে শ্যুটিং সংক্রান্ত বিভিন্ন মুহূর্ত অনুরাগী দর্শকের আকাঙ্খার পারদ যখন ক্রমশ বাড়িয়ে তুলছে, তখন শ্যুটিংয়ের শেষ দিনে সমাজ মাধ্যমে দেবকে (Dev) নিয়ে নস্টালজিক হয়ে পড়লেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। সমাজমাধ্যমে লিখলেন খোলা চিঠি। পাশাপাশি পরিচালক দেব-কে (Dev) নিয়ে বড় ভবিষ্যৎবাণীও করলেন 'লেডি সুপারস্টার'।

টলিউড ইন্ডাস্ট্রিতে দেব-শুভশ্রী (Dev-Subhashree) জুটির জনপ্রিয়তা বরাবরই প্রশ্নাতীত। অনস্ক্রিন কেমিস্ট্রির প্রভাব ছিল অফস্ক্রিন সম্পর্কেও। কিন্তু রিয়েল লাইফে তাঁরা জুটি হয়ে উঠতে পারেননি। মাঝে একটা বড় সময়ে দূরত্ব বজায় রাখার পর, পেশাদারিত্বের খাতিরে দুজনে আবার কাছাকাছি এসেছেন আর যতবারই একসঙ্গে দেখা গেছে তারকা যুগলকে ততবারই নতুন 'স্পার্ক' খুঁজে পেয়েছেন অনুরাগীরা। প্রযোজক দেব (Dev) দর্শকের সেই আবেগকে গুরুত্ব দিয়ে এবার 'পরিচালক' হিসেবে ডেবিউ করতে চলেছেন তাঁর 'লেডি লাক' শুভকে নিয়ে। পুজোর বক্সঅফিস মহারণের জন্য প্রস্তুত 'দেশু-৭'। সিনেমার শ্যুটিংয়ের শেষ দিনে সেট থেকেই সাংসদ-অভিনেতাকে নিয়ে মনের কথা লিখলেন রাজ ঘরণী।


সমাজমাধ্যমে টলিউডের ইন্দুবালা লেখেন, “প্রিয় দেব, আজ ‘দেশু ৭’-এর শ্যুটিংয়ের শেষ দিন, তাই ভাবলাম এই কথাগুলো শেয়ার করি। আমরা দু’জনেই মোটামুটি একই সময়ে আমাদের সফর শুরু করেছিলাম। তবে এবারের অভিজ্ঞতাটা একেবারেই অন্যরকম ছিল। তোমার পরিচালিত প্রথম ছবির সঙ্গে যুক্ত থাকার সুবাদে তোমাকে এবং তোমার ভাবনাকে বাস্তব রূপ নিতে দেখলাম। আমার চোখে পড়ল- তোমার ব্যক্তিত্বের এক নতুন দিক। সত্যি বলতে কী, শুরুতে আমার মনে খানিক ঈর্ষা উঁকি দিয়েছিল। কারণ পরিচালক হিসেবে তোমার যে স্বচ্ছ ধারণা ও সুনিপুণ পরিকল্পনা রয়েছে, সেটা দেখেই আমি অবাক হয়ে গিয়েছিলাম। মনে প্রশ্ন জেগেছিল- সিনেমায় ভিন্ন চরিত্রে অভিনয় করার পাশাপাশি দেব কখন চিত্রনাট্য, ছবি তৈরির এত খুঁটিনাটি কৌশল শিখে নিল? কীভাবে সবটা সামলে নিল ও? তবে সিনেমার কাজ যত এগিয়েছে, হিংসের বদলে আমি ক্রমশ তোমার থেকে অনুপ্রাণিত হয়েছি। তোমার সঙ্গে এই ছবির অংশ হতে পেরে আমার খুব আনন্দ হচ্ছে।মন থেকে বিশ্বাস করি, ‘দেশু ৭’ মুক্তি পাওয়ার পর আমাদের সিনেইন্ডাস্ট্রি এই প্রজন্মের এমন একজন পরিচালককে পাবে, যে চমৎকার সব গল্পের মাধ্যমে দর্শককে মুগ্ধ করবে। তোমার জন্য গর্ববোধ হচ্ছে, দেব। 'পরিচালক' হিসেবে তোমার আগামী দিনের সব কাজের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। তুমি নিশ্চয়ই বাজিমাত করবে।”

প্রাক্তনের চিঠির উত্তরও সমাজমাধ্যমেই দিয়েছেন অভিনেতা-পরিচালক। তাঁর মন্তব্য, 'স্বপ্ন সফর বাস্তবায়িত হল।' ব্যাস এতেই অনুরাগীদের মনে নতুন উন্মাদনা। কেউ আবার লেডি সুপারস্টারের কথায় ফিরে গেছেন এক যুগ আগের নস্টালজিয়ায়। সবমিলিয়ে দেব-শুভশ্রীর আগামী ছবি যে মুক্তির আগেই জনপ্রিয়তার নিরিখে সাফল্যের সিঁড়িতে কয়েক ধাপ এগিয়ে রয়েছে, তা মোটামুটি আন্দাজ করতে পারছে গোটা ইন্ডাস্ট্রি।

















