ভরদুপুরে পরপর বিস্ফোরণের বিকট শব্দ! মুহূর্তের মধ্যে দাউদাউ করে জ্বলে উঠল বাজি কারখানা। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটিতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে গুরুতর জখম এক মহিলা-সহ ৫ জন। তাঁদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের সময় কারখানার ভিতরেই ছিলেন তাঁরা। 

স্থানীয় সূত্রে খবর, এ দিন দুপুরে আচমকাই পরপর বিস্ফোরণের শব্দ শুনতে পান এলাকার বাসিন্দারা। শব্দের উৎসের দিকে ছুটে গিয়ে তাঁরা দেখেন, আগুনের লেলিহান শিখায় জ্বলছে কারখানাটি। বিস্ফোরণের জেরে কারখানার বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়। ভেঙে পড়ে অ্যাসবেস্টসের চাল। 

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বারুইপুর থানার পুলিশ এবং দমকল বাহিনী। আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে এক জনের শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে গিয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। প্রশ্ন উঠছে কারখানার বৈধতা নিয়েই। এই বাজি কারখানার আদৌ প্রয়োজনীয় লাইসেন্স ছিল? অগ্নিনিরাপত্তার নিয়ম মানা হচ্ছিল? নাকি প্রশাসনের নজর এড়িয়ে নিয়মের তোয়াক্কা না করেই চলছিল বাজি তৈরির কাজ?