'ট্রান্সিয়েন্ট ইসকেমিক অ্যাটাক'-এ আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সঙ্গীতশিল্পী রথীজিৎ ভট্টাচার্য (Rathijit Bhattacharya)। সোমবার রাত পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী আগের থেকে অনেকটাই ভালো আছেন গায়ক। হঠাৎ করে শিল্পীর অসুস্থতার খবরে চমকে যায় গোটা ইন্ডাস্ট্রি। যদিও রথীজিতের পরিবারের তৎপরতায় দ্রুত চিকিৎসা শুরু হওয়ায় বড় বিপদ এড়ানো গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। 

কী এই ট্রান্সিয়েন্ট ইসকেমিক অ্যাটাক (Transient Ischemic Attack)? সাধারণ ভাষায় একে অনেকে মিনি স্ট্রোক বলে থাকেন। কথা বলতে বলতে আচমকা ঠোঁট বেঁকে যাওয়া এর অন্যতম লক্ষণ যা সঙ্গীতশিল্পীর ক্ষেত্রেও ঘটেছে। রথীজিৎ জানিয়েছেন, "আপনাদের সবাইকে জানাচ্ছি, আমি এখন আগের চেয়ে অনেকটাই ভাল আছি। আমি 'ট্রান্সিয়েন্ট ইসকেমিক অ্যাটাক'-এ আক্রান্ত হয়েছিলাম, তবে এখন পরিস্থিতির উন্নতি হয়েছে। আমি খুব তাড়াতাড়ি আবার কাজে ফিরব - আরও শক্তিশালী, আরও উন্নত আর অনেক বেশি ভাল হয়ে।"কিছুদিন গান-বাজনা থেকে একটু দূরে থাকতে হবে শিল্পীকে। নিজের কঠিন সময়ে পাশে থাকার জন্য শুভানুধ্যায়ী ও অনুরাগীদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন গায়ক।