বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস সাংসদ (TMC MP) কীর্তি আজাদ (Kirti Azad) তিন দিন আগে দুর্গাপুরে অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে তাঁর দেওয়া বক্তব্যকে টিভি চ্যানেলগুলি ভুলভাবে উপস্থাপনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। সাংসদ সংশ্লিষ্ট টিভি চ্যানেলগুলির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় এই মামালা দায়েরের কথা জানিয়েছেন।
বিবৃতি দিয়ে কীর্তি জানিয়েছেন, "আমার নজরে এসেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) ব্যবহার করে তৈরি একটি 'ডিপফেক' ভিডিও-অডিও ক্লিপ (যেখানে কথোপকথন বিকৃত করা হয়েছে) ছড়িয়ে দেওয়া হচ্ছে; এবং অত্যন্ত বিস্ময়কর ও দুঃখজনক বিষয় হল, বিভিন্ন টিভি চ্যানেল এটিকে আসল বা সত্য হিসেবে প্রচার করছে।
আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই: এই ক্লিপটি সম্পূর্ণ মিথ্যা, বিকৃত এবং এআই-এর মাধ্যমে তৈরি।
বাস্তবের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই; বরং এটি একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপচেষ্টা, যার লক্ষ্য হল, একটি মনগড়া গল্প তৈরি করা এবং ইচ্ছাকৃতভাবে আমার সম্মানহানি করা।"
আরও পড়ুন: লখনউয়ের পর মধ্যপ্রদেশ! পড়ুয়াদের প্রতিবাদে পিছু হটল প্রশাসন
সাংসদ (Kirti Azad) আরও জানান,"দায়িত্বশীল সাংবাদিকতার দাবি হল, এ ধরনের কোনও বিষয় প্রচারের আগে তার সত্যতা যাচাই করা। কোনো রাজনৈতিক উদ্দেশ্যই মনগড়া বিষয়বস্তুকে সত্য হিসেবে উপস্থাপন করার যৌক্তিকতা হতে পারে না।
এই মানহানিকর ডিপফেক কনটেন্ট তৈরি, প্রচার ও সম্প্রচারের সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমি আমার আইনজীবীদের নির্দেশ দিয়েছি এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
এআই দিয়ে সত্যকে তৈরি করা যায় না এবং মনগড়া অপপ্রচারের মাধ্যমে কারো সুনাম ধ্বংস করা যায় না।"
অডিওতে বালি সিন্ডিকেটের ‘ভাগ-বাঁটোয়ারা’ নিয়ে কথোপকথন শোনা গিয়েছে।
যে টিভি চ্যানেলগুলিকে আইনি নোটিশ দেওয়া হয়েছে সেগুলি হল- এবিপি আনন্দ, নিউজ ১৮ বাংলা, রিপাবলিক বাংলা, জি ২৪ ঘণ্টা, সিএনএন নিউজ, টিভি ৯ বাংলা।
















