গিল্ড-পরিচালক-প্রযোজক- টেকনিশিয়ানদের মধ্যে সমস্যা কাটাতে সোমবার (১৭ অগাস্ট) নন্দনে বৈঠক করতে চলেছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal Government) তথ্য সংস্কৃতি দফতরের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন জগতের বিভিন্ন গিল্ড প্রতিনিধিরা এই বৈঠকে থাকবেন।প্রযোজক- পরিচালকদের পাশাপাশি পরিবেশকদেরও উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এই বৈঠকের ঠিক আগেই মেকআপ গিল্ডের দীর্ঘদিনের সম্পাদক বাপি মালাকারের (Bapi Malakar) বিরুদ্ধে একাধিক অভিযোগ প্রকাশ্যে। 

মেকআপ আর্টিস্টদের কার্ড দেওয়া নিয়ে অত্যাধিক টাকা চাওয়ার অভিযোগ থেকে শুরু করে সুষ্ঠুভাবে নির্বাচন না করতে দেওয়ার নেপথ্যেও বাপির হাত আছে বলে জানান মেকআপ আর্টিস্ট গিল্ডের সদস্য প্রসেনজিৎ দে (Prosenjit Dey)। তিনি বলেন, গত দশ বছর ধরে গিল্ডে কোনও নির্বাচন হয়নি। ওয়েলফেয়ার ফান্ডের জন্য সদস্যদের কাছ থেকে যে টাকা নেওয়া হয়েছে তার সম্পূর্ণ হিসেব দেওয়া হয়নি বলেও অভিযোগ। এছাড়া পুরনো কমিটির বিরুদ্ধে ওঠা সব অভিযোগের তদন্তের দাবি জানানো হয়েছে। প্রসেনজিৎ আরও বলেন, মেকআপ আর্টিস্ট এর কার্ড দেওয়ার জন্য নির্ধারিত টাকার বাইরে অতিরিক্ত ৫০-৬০ হাজার টাকা থেকে শুরু করে ১ লক্ষ টাকা পর্যন্ত যাওয়া হয়েছে। যদিও এইসব অভিযোগ প্রসঙ্গে বাপির তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। সোমবারের বৈঠকে মেকআপ আর্টিস্ট গিল্ডের সমস্যা কতটা গুরুত্ব পায় এখন সেটাই দেখার।