দিল্লির যন্তর মন্তরে (Jantar Mantar, Delhi) আন্দোলনকারী পড়ুয়াদের সমর্থন করলেন টলিউড অভিনেতা জিৎ (Jeet) । বৃহস্পতিবার নিজের সোশ্যালমিডিয়া পেজে পোস্ট করে একদিকে যেমন দেশের তরুণ প্রজন্মের উজ্জ্বল সুনিশ্চিত করার লক্ষ্যের কথা মনে করালেন, পাশাপাশি নাম না করে বিঁধলেন আন্দোলনকে হাতিয়ার করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করা বিজেপি বিরোধী রাজনৈতিক ব্যক্তিত্বদেরও। সমাজকর্মী সোনম ওয়াংচুকের (Sonam Wangchuk) স্ত্রী গীতাঞ্জলি আংমা কংগ্রেস নেতা রাহুল গান্ধীর তীব্র সমালোচনা করার পর প্রায় একই বার্তা টলিউড 'বস'-এর পোস্টে।
ধারাবাহিকভাবে প্রশ্নপত্র ফাঁস কাণ্ডের প্রতিবাদে গর্জে উঠেছে ছাত্র সমাজ। রাজধানীতে ‘ককরোচ জনতা পার্টি’র (CJP) আন্দোলনে উত্তাল দেশ। বিভিন্ন রাজ্য থেকে পড়ুয়ারা বিক্ষোভে সামিল হচ্ছেন। এই আবহে বিনোদন জগতের তারকাদের নীরবতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। কিন্তু গত ২০ জুলাই রাজধানীর বুকে যেভাবে নির্বিচারে লাঠিচার্জ করেছে পুলিশ তারপর একে একে মুখ খুলতে শুরু করেছেন সেলিব্রেটিরা। সাধারণত রাজনীতি থেকে দূরে থাকতে ভালোবাসেন অভিনেতা জিৎ (Jeet)। নিজের পোস্টেও ছাত্র সমাজের বিক্ষোভ আন্দোলনের রাজনৈতিকরণের বিরোধিতা করেছেন তিনি। লেখেন, ‘ নিট শুধুমাত্র একটি পরীক্ষা নয়। এর সঙ্গে জড়িয়ে প্রতিটি শিক্ষার্থীর স্বপ্ন, উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার স্বপ্ন, পরিবারের আশা। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমকে কখনই বিফলে যেতে দেওয়া উচিত নয়। স্বচ্ছ বিচারের যোগ্য দাবিদার। এই মুহূর্তে প্রত্যেককে দায়িত্ববান হতে হবে। এই ঘটনাকে রাজনৈতিক ইস্যু বানিয়ে রাজনীতিতে ফায়দা তোলার সময় নয়।’

গানের সুরে আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিয়েছেন সংগীত শিল্পী রূপম ইসলাম (Rupam Islam)। বাক স্বাধীনতা ও বিপ্লবের বার্তা দিয়ে আট বছর আগের পুরনো গান পোস্ট করে নিজের অবস্থান স্পষ্ট করেছেন গায়ক। প্রতিবাদীদের সমর্থন করে বিজেপি ভক্তদের একাংশে রোশনালে পড়েছেন অরিজিৎ। কিন্তু 'পদ্মশ্রী' গায়ক পিছিয়ে আসেননি। এবার সঙ্গীত জগতের অন্যান্য তারকারাও মুখ খুলতে শুরু করেছেন। পড়ুয়াদের সঙ্গে যেটা ঘটছে তা কখনোই কাম্য নয়, জানিয়েছেন কৌশিকী চক্রবর্তী। তবে এত কিছুর মধ্যেও নীরবতা বজায় রেখেছেন দেব (Dev) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। নিজেদের মতো করে 'দেশু-৭' সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত তাঁরা। তারকাযুগলকে কটাক্ষ করেছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা।
















