বলিউডে নক্ষত্রপতন। ৭৪ বছর বয়সে প্রয়াত অভিনেতা প্রদীপ সিং রাওয়াত (Pradeep Singh Rawat)। বেশ কয়েক বছর ধরে কর্কট রোগের সঙ্গে লড়াই চলছিল, মঙ্গলবার সন্ধ্যায় মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালেই (Kokilaben Dhirubhai Ambani Hospital and Medical Research Institute, Mumbai) তাঁর মৃত্যু হয়। বিআর চোপড়ার কালজয়ী মহাভারত ধারাবাহিকের 'অশ্বত্থামা'র চলে যাওয়ার খবরে শোকস্তব্ধ মায়ানগরী।

প্রদীপের পরিবার সূত্রে জানা গিয়েছে, গত একমাস ধরে হাসপাতালেই তাঁর চিকিৎসা চলছিল অভিনেতার (Bollywood Actor)। দিন দিন প্লেটলেটের সংখ্যা আশঙ্কাজনক হারে কমতে থাকায় উদ্বেগ বাড়ছিল চিকিৎসকদের। অবশেষে সব লড়াই শেষ। বলিউডের একাধিক সুপারহিট সিনেমায় খলনায়ক হিসেবে অভিনয় করে দর্শকদের মনে আলাদা জায়গা করেছিলেন প্রদীপ। আমির খানের সঙ্গে তিনটি ছবিতে (সরফরশ , লগান, গজনি) কাজ করে যথেষ্ট প্রশংসা পেয়েছিলেন। তাঁর শেষ হিন্দি ছবি ছিল ভিকি কৌশল অভিনীত ‘ছাভা’, যা মুক্তি পেয়েছিল ২০২৫ সালে। হিন্দির পাশাপাশি তেলুগু ছবিতেও কাজ করেছেন তিনি। বলিউড অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন তাঁর সতীর্থরা।