বলিউড অভিনেতা আমির খান (Amir Khan) এবার বজরং দলের রোষানলে, 'স্পেশাল ম্যারেজ অ্যাক্ট'-র অধীনে গৌরী স্প্রাটকে (Gauri Spratt) বিয়ে করায় হিন্দুত্ববাদী সংগঠন অভিনেতার কুশপুতুল দাহ করার পাশাপাশি তাঁকে দেশ ছাড়ার হুমকি দিয়েছে। আমির এই নিয়ে কোনও মন্তব্য না করলে শোনা যাচ্ছে তৃতীয় স্ত্রীকে নিয়ে চুপি চুপি অস্ট্রেলিয়া পাড়ি দিয়েছেন আমির (Amir Khan)।
জানা গিয়েছে দ্বিতীয় স্ত্রী কিরণের ছেলে আজাদ ও গৌরীর প্রথম পক্ষের ছেলে কুইনকে নিয়ে মধুচন্দ্রিমায় গিয়েছেন মিস্টার পারফেকশনিস্ট। তবে এর পাশাপাশি অস্ট্রেলিয়াতে নিজের কিছু কাজও রয়েছে বলে, আমিরের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। প্রথমে মেলবোর্নে আয়োজিত ভারতীয় চলচ্চিত্র উৎসবে যোগ দেবেন অভিনেতা। এরপর স্ত্রী ও ছেলেদের সঙ্গে কিছুটা একান্তে সময় কাটাবেন।
অন্যদিকে বারবার হিন্দু নারীকে বিয়ে করার জন্য বজরং দলের সদস্যরা আমিরকে 'জেহাদি' আখ্যা দিয়েছেন। সম্প্রতি বিহারের ফোরবেসগঞ্জ এলাকায় বিক্ষোভও দেখানো হয়। অভিনেতার তরফে অবশ্য এই নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
















