স্বাধীনতা দিবসের সকালে সামনে এল বহু প্রতীক্ষিত ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’র ঝলক। প্রথম সিনেমা যেখানে শেষ হয়েছিল গল্প যেন ঠিক তার পর থেকে শুরু হয়েছে। শুরুতেই দুর্নীতিগ্রস্ত সিস্টেমকে খোঁচা দিয়ে নিজস্ব মুন্সিয়ানা সফলভাবে দর্শকের নজর কেড়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprasad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy) । পুলিশ- ডাকাতের দ্বৈরথে উর্দিধারী যিশু সেনগুপ্ত (চরিত্রের নাম অয়ন বন্দ্যোপাধ্যায়) আর ২৭ টা ব্যাংক ডাকাতি করা প্রতিপক্ষ রূপে শিবপ্রসাদের (সিনেমায় চরিত্রের নাম বিক্রম প্রামানিক) মুখোমুখি টক্করের ঝলক বুঝিয়ে দিল এবার পুজোয় বক্সঅফিসে দাপট দেখাতে তৈরি উইন্ডোজের নতুন ছবি।

টলিউডের জনপ্রিয় সফল পরিচালক জুটি বরাবর বাঙালি দর্শকের পালস বুঝতে নিজেদের পারদর্শিতা প্রমাণ করে থাকেন। ফ্যামিলি ড্রামার ঘরানা ছেড়ে বাস্তব প্রেক্ষাপটে চিত্রনাট্যের প্রেম ধরার সাম্প্রতিক সবকটা উদাহরণ বুঝিয়ে দিচ্ছে শিবু-নন্দিতা কেন বক্স অফিসের সেরা। বিগত দেড় দশকে রাজ্য-রাজনীতিতে মন্ত্রীদের জেলযাত্রা একাধিকবার খবরের শিরোনামে ঠাঁই পেয়েছে। 'বহুরূপী' সিক্যুয়েলের আগুন ঝরানো ডায়লগ যেন সেই রাজনৈতিক প্রেক্ষাপটকে সিনেম্যাটিক স্টাইলে তুলে ধরতে চাইল।

'ঝিমলি' কৌশানী মুখোপাধ্যায়ের সঙ্গে 'বিক্রম'রূপী শিবপ্রসাদের প্রেমের রসায়ন এই ছবিতেও বর্তমান। ডাকাতির পরিসর এবার আরও বড়। তাই শুধু শারীরিকভাবে নয় মানসিকভাবেও প্রতিপক্ষের সঙ্গে লড়াই করতে তৈরি যিশু (Jishu U Sengupta) ওরফে পুলিশ অফিসার অয়ন। উইন্ডোজের কলমে - ক্যামেরায় ঝলমলে ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’র কাহিনী শেষমেষ পুলিশ না ডাকাত কার মুখে জয়ের হাসি ফুটিয়েছে, তা জানতে হলে অপেক্ষা করতে হবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত।