ঘড়ির কাঁটা যত এগোচ্ছে ততই এগিয়ে আসছে বহু প্রতীক্ষিত ‘বিগ বস’ বাংলার গ্র্যান্ড ওপেনিংয়ে মুহূর্ত। বাংলা টেলিভিশন দুনিয়ায় নতুন ফরম্যাটে এবার দর্শকের পছন্দের বিগ বস (Bigg Boss Bangla)। সঞ্চালনার দায়িত্বে সৌরভ গঙ্গোপাধ্যায় (Saurav Ganguly)। 'দাদাগিরি'র খোলস ছেড়ে এবার নতুন পিচে ইনিংস শুরু করতে তৈরি মহারাজ। প্রতিযোগী তালিকায় চমকের পর চমক তো রয়েইছে, তবে সবথেকে বড় খবর রবিবার হাইভোল্টেজ শোয়ের উদ্বোধনী অনুষ্ঠানে নাকি সৌরভের সঙ্গে থাকবেন প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিং (Harbhajan Singh)! 

আগামী ৩০ আগস্ট (রবিবার) থেকে সম্প্রচার শুরু হবে বিগ বস বাংলার। খেলা থেকে রাজনীতি, অভিনয় থেকে সমাজ মাধ্যমের প্রভাবশালীদের নাকি বিগ বসের ঘরে দেখা যাবে। হাইভোল্টেজ শোয়ের গ্র্যান্ড ওপেনিং নিয়ে চলছে চূড়ান্ত প্রস্তুতি। রবিবাসরীয় রাতের অনুষ্ঠানে শেষ মুহূর্তের কিছু চমক থাকতে পারে বলে জানিয়েছেন নির্মাতারা। তবে বিস্তারিত কিছু বলতে নারাজ সকলেই।প্রেমের সম্পর্কে থাকা প্রাক্তন এক জুটিকেও নাকি দেখা যাবে বিগ বসের বাড়িতে।প্রতিযোগী তালিকায় টলি ক্যুইন মনামী ঘোষ, ইউটিউবার ঝিলম গুপ্ত, কানের রেড কার্পেট ফেরত কনটেন্ট ক্রিয়েটর লাফটার সেনরা তো আছেন পাশাপাশি টলিপাড়ার আরও এক ঝাঁক তারকাকেও দেখা যাবে। 

বাংলায় ‘বিগ বস’ সঞ্চালনায় সৌরভকে দেখতে পাওয়ার উন্মাদনা যেমন তুঙ্গে ঠিক তার পাশাপাশি কোন প্রাক্তন ক্রিকেটার ওপেনিং অনুষ্ঠানে থাকবেন তা নিয়েও চলছে ফিসফাস। ভাজ্জির উপস্থিতি নিয়ে এখনও পর্যন্ত নিশ্চিত করে কোনও ঘোষণা হয়নি। স্বাভাবিকভাবেই জল্পনার পারদ ক্রমশই ঊর্ধ্বমুখী।