রুপোলি পর্দায় ফিরতে চলেছেন বলিপাড়ার অন্যতম চর্চিত এবং জনপ্রিয় অনস্ক্রিন জুটি। ২০০৪ সালের 'যুবা', 'হাম তুম' কিংবা ২০০৫-এর 'বান্টি অউর বাবলি'-র সেই চেনা রসায়ন মনে আছে? হ্যাঁ, ঠিকই ধরেছেন। প্রায় দুই দশক পর আবারও বড়ো পর্দায় একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন অভিষেক বচ্চন এবং রানি মুখোপাধ্যায় (Abhishek Bachchan and Rani Mukherjee)। আর এই অসাধ্য সাধন ঘটতে চলেছে শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত অ্যাকশন-থ্রিলার ছবি ‘কিং’- এ। 

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত (Directed by Siddharth Anand) এই বিগ-বাজেট ছবিটিকে ঘিরে ইতিমধ্যেই সিনেপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। ছবিতে শাহরুখ খানের সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করছেন তাঁর মেয়ে সুহানা খান (Suhana Khan)। তবে ছবিটির সবচেয়ে বড় চমক হতে চলেছে এর কাস্টিং ও চরিত্রের সমীকরণ।

ইতিমধ্যেই দর্শকদের মনে কৌতুহল তৈরি হয়েছে। শোনা যাচ্ছে, ‘কিং’ ছবিতে অভিষেক বচ্চনকে দেখা যাবে সম্পূর্ণ এক নেতিবাচক বা খলনায়কের চরিত্রে। শাহরুখের মুখোমুখি দাঁড়িয়ে পর্দায় টক্কর দেবেন তিনি। অন্যদিকে, শোনা যাচ্ছিল সুহানা খানের মায়ের ভূমিকায় দেখা যাবে রানি মুখোপাধ্যায়কে। কিন্তু, এক সর্বভারতীয় বিনোদনমূলক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অভিষেকের বিপরীতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন রানি। বিনোদন দুনিয়ার সর্বশেষ গুঞ্জন বলছে, ছবিতে অভিষেক ও রানিকে একে অপরের বিপরীতে জুটি হিসেবেই কাস্ট করা হচ্ছে। অর্থাৎ, পর্দায় খলনায়ক অভিষেকের সঙ্গেই রোমান্টিক সমীকরণে ধরা দিতে পারেন রানি। গল্পের মোড় ঘোরানোর পেছনে রানির চরিত্রটি একটি বড় অনুঘটক হিসেবে কাজ করবে। 

২০০৭ সালের 'লাগা চুনারি মে দাগ' ছবির পর অভিষেক ও রানিকে আর একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যায়নি। ফলে প্রায় ২০ বছর পর এই জুটির প্রত্যাবর্তন ভক্তদের জন্য এক বিশাল উপহার। শুধু তাই নয়, ২০০৬ সালের 'কভি আলবিদা না কেহনা' ছবির দীর্ঘ দুই দশক পর শাহরুখ খান (Shah Rukh Khan) এবং রানি মুখোপাধ্যায়কেও আবার একই ছবিতে দেখতে পাওয়ার আনন্দ দ্বিগুণ করে দিয়েছে দর্শকদের। 

শাহরুখ, সুহানা, অভিষেক এবং রানি ছাড়াও এই তারকাবহুল ছবিতে দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), অনিল কাপুর এবং জ্যাকি শ্রফের মতো হেভিওয়েট তারকাদের ক্যামিও বা গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাওয়ার কথা রয়েছে। সব মিলিয়ে, 'কিং' যে বক্স অফিসে ঝড় তুলতে এবং পুরনো নস্টালজিয়া ফিরিয়ে আনতে পুরোপুরি প্রস্তুত, তা বলাই বাহুল্য।