সিনেমার শ্যুটিং চলাকালীন বিষাক্ত মাকড়সার কামড়ে আক্রান্ত হয়ে কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রাজেশ শর্মা (Rajesh Sharma)। অভিনেতার দ্রুত আরোগ্য কামনায় শুক্রবার সকালে সমাজমাধ্যমে পোস্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। লেখেন, "রাজেশ শর্মাজির দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করছি। প্রার্থনা করি, তিনি দ্রুত শক্তি ফিরে পান এবং শীঘ্রই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠুন।" সূত্রের খবর আগের থেকে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে রাজেশের। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

এদিন অভিনেতাকে হাসপাতালে দেখতে যান রাজ্যের মন্ত্রী ডাক্তার ইন্দ্রনীল খাঁ (Dr Indranil Khan)। মুখ্যমন্ত্রীর বার্তা পৌঁছে দেন রাজেশের কাছে। শ্যুটিং চলাকালীন এই ধরনের ঘটনা ঘটায় অভিনেতাদের সুরক্ষা ও নিরাপত্তার গাফিলতি নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। সরব হয়েছে অল ইন্ডিয়া ওয়েস্টার্ন সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA)। কীভাবে এরকম গুরুতর পরিস্থিতি তৈরি হল যেখানে রাজেশকে হাসপাতালে ভর্তি হতে হল, তার তদন্ত দাবি করেছেন সংগঠনের সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্তা (Suresh Shyamlal Gupta)। অভিনেতার পরিবারের তরফে জানানো হয়েছে, দক্ষিণী সিনেমা 'ফৌজি'-র শ্যুটিং শেষ হওয়ার পর রামোজি ফিল্ম সিটির এক জঙ্গল এলাকায় স্থানীয় টেকনিশিয়ানদের সঙ্গে কথা বলার সময় কোনও বিষাক্ত পোকা রাজেশকে কামড়ায়। এরপর কলকাতার জন্য বিমান ধরেন তিনি। ফ্লাইটে অসুস্থ বোধ করেন। জ্বরের তীব্রতা বাড়তে থাকায় কলকাতায় অবতরণের সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আগের থেকে ভালো আছেন রাজেশ।সম্ভবত সোমবার নাগাদ ছাড়া পেতে পারেন, যদিও এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ অফিসিয়াল কোনও বিবৃতি দেয়নি।