দীর্ঘ ১২ বছরের অপেক্ষার অবসান। ‘তোরই ছোঁয়া না পেলে ঠোঁটে, জিয়া লাগে না’, ঠোঁটে ঠোঁট রেখে লাদাখের (Ladakh) বরফাবৃত পাহাড়ি রাস্তায় দেব-শুভশ্রীর উদ্দাম রোম্যান্স (Romance)। আর সেই রোম্যান্সে ডুব দিয়েই মাত্র কয়েক ঘণ্টায় ভিউয়ার্সের সংখ্যা এক লক্ষ ছাড়িয়েছে। ৭ আগস্ট, রবিবাসরীয় ‘দেশু ৭’-এর প্রথম গান মুক্তির পরই বাংলা সিনেমার ইতিহাসে রেকর্ড। সমাজমাধ্যমে সুখবর ভাগ করে ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন দেব-শুভশ্রী।  

দীর্ঘ এক যুগ পর টলিউডের (Tollywood) অন্যতম জনপ্রিয় অনস্ক্রিন জুটি দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (DeSu) কামব্যাক ঘিরে এমনিতেই দর্শকদের উন্মাদনা ছিল তুঙ্গে। আর সেই প্রত্যাশাকে সত্যি প্রমাণ করে মুক্তির মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই সাফল্যের নতুন রেকর্ড গড়ল ‘দেশু ৭’ ছবির প্রথম গান ‘তোর শুধু তোর’। ডিজিটাল প্ল্যাটফর্মে (Digital Platform) মুক্তি পাওয়ার পর চোখের পলকে ১ মিলিয়নের (দশ লক্ষ) বেশি ভিউয়ার্সের মাইলফলক ছুঁয়ে ফেলেছে এই রোমান্টিক ট্র্যাকটি। সিনেমাটির প্রথম গানের এই বিপুল সাফল্যে উচ্ছ্বসিত স্বয়ং দেব ও শুভশ্রী।

লাদাখের পাহাড়ে পুরনো নস্ট্যালজিয়া (Nostalgia)। লাদাখের বরফাবৃত পাহাড়ি উপত্যকা আর মনোরম মরুভূমির ব্যাকগ্রাউন্ডে দেব-শুভশ্রীর চেনা রসায়ন ও অন্তরঙ্গ মুহূর্ত অনুরাগীদের সোজা নিয়ে গিয়েছে ‘চ্যালেঞ্জ’ কিংবা ‘পরাণ যায় জ্বলিয়া রে’-র সেই সোনালী দিনগুলোয়। গানে দেবের সঙ্গে শুভশ্রীর বাইক রাইড থেকে শুরু করে গভীর আলিঙ্গন ও চুম্বনের দৃশ্য—সব মিলিয়ে ‘দেশু’ জুটির কামব্যাক যে ১০০ শতাংশ সফল, তা প্রমাণ করছে ইউটিউব (Youtube) ও সোশ্যাল মিডিয়ার (Social Media) ট্রেন্ডিং চার্ট। গানে ‘তোর ছোঁয়া না পেলে ঠোঁটে, জিয়া লাগে না’ লাইনটি ইতিমধ্যেই শ্রোতাদের মুখে মুখে ঘুরছে।
এই ছবির হাত ধরেই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন দেব নিজেই। ইন্ডাস্ট্রির স্বার্থেই যে দেশু-র কামব্যাক তা দু’জনেই স্বীকার করেছেন। শুভশ্রীর কাছে রাত দু’টোয় ‘দেশু ৭’-এর প্রস্তাব নিয়ে দেবের ফোন, সঙ্গে শুভশ্রীর সম্মতি। বাকিটা ইতিহাস। সময়ের সঙ্গে আজ দুজনেই অনেকখানি পরিণত। বয়সও জানান দিচ্ছে জল গড়িয়েছে, কিন্তু রোম্যান্সে দু’জনেই যেন জেন জি!   

ড্রামা ও রোম্যান্সে ভরপুর ‘দেশু ৭’ সিনেমাটিতে দেব-শুভশ্রী ছাড়াও অন্যতম বড় আকর্ষণ হিসেবে থাকছেন অনির্বাণ ভট্টাচার্য, যাঁকে দেখা যাবে একেবারে নতুন খলনায়কের লুকে। সব ঠিক থাকলে আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে বহুল প্রতীক্ষিত এই ছবি। তবে সিনেমা মুক্তির আগেই ছবির প্রথম গানের এই ঐতিহাসিক রেকর্ড ব্লকবাস্টার সাফল্যেরই ইঙ্গিত দিচ্ছে!