বাংলার বক্সঅফিসে পুজোর পর্দা কাঁপাতে তৈরি হচ্ছে 'দেশু ৭' (DeSu 7) । একদিকে বর্তমানে দুই প্রাক্তনকে একসঙ্গে দেখা অন্যদিকে সুপারস্টার সাংসদ-অভিনেতা -প্রযোজকের পর এবার পরিচালক হিসেবে আত্মপ্রকাশের সাক্ষী হতে দেব (Dev) অনুরাগীদের মধ্যে উন্মাদনার পারদ বেড়েই চলেছে। শ্যুটিং শেষ, এবার এক অপরকে মনের কথা খোলাখুলি বলার জন্য সোশ্যাল মিডিয়াকে বেছে নিয়েছেন দেব - শুভশ্রী দুজনেই। টলিউডের লেডি সুপারস্টারের খোলা চিঠির পর প্রিয় "শুভ"কে মনের কথা জানালেন দেব (Dev), সাক্ষী সেই ফেসবুক।


একটা গোটা প্রজন্মকে বাংলা সিনেমার প্রতি আগ্রহী করে তুলতে শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly) ও দীপক অধিকারী ওরফে দেবের (Dev) একের পর এক সিনেমা আজও দর্শকের মনে নস্টালজিয়ার স্নিগ্ধ বাতাস বইয়ে দেয়। দুই বন্ধু প্রিয় বন্ধু হয়ে প্রেমিক প্রেমিকার পথ পেরিয়ে আজ নিজেদের মতো কর্ম ও ব্যক্তিগত জীবনে এগিয়ে চলেছেন। এক ছাদের নীচে অগ্নিসাক্ষী করে থাকা হয়তো হয়নি, কিন্তু দেবের জীবনের সব প্রথমের অন্যতম সাক্ষী হয়ে আজও রয়ে গেছেন তাঁর শুভ। তার সে প্রথম প্রযোজনা হোক কিংবা প্রথম পরিচালনা। এবছর পূজোয় মুক্তি পাবে দেব (Dev ) পরিচালিত, দেব-শুভশ্রী-অনির্বাণ অভিনীত 'দেশু ৭' (DeSu 7) । শ্যুটিং শেষ হয়ে পোস্ট প্রোডাকশনের কাজে হাত দিয়েছেন সাংসদ-অভিনেতা। বাংলা ইন্ডাস্ট্রিতে যেভাবে নিজেকে তৈরি করেছেন সুপারস্টার, তাতে অন্তর থেকে শুভেচ্ছা ও নিজের ভালো লাগার কথা আগেই ব্যক্ত করেছিলেন রাজপত্নী। অপেক্ষা ছিল কবে 'ধূমকেতু' অভিনেতা কলম ধরবেন। নায়ক এবার খোলা চিঠি তুলে ধরার জন্য বেছে নিলেন সমাজমাধ্যমকে। মন খুলে ধন্যবাদ কৃতজ্ঞতা জানালেন তাঁর "শুভ"কে।ইতিমধ্যেই সেই পোস্ট ভাইরাল।

দেব লেখেন, 'DeSu ৭ এর অংশ হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ! যখন আমি এই ঝুঁকিটা নিয়ে প্রথমবারের মতো একটি সিনেমা পরিচালনা করার সিদ্ধান্ত নিই, তখন আমার চারপাশে অনেক অনিশ্চয়তা ছিল। এমন এক সময়, যখন দুর্গাপুজোর সময়ও আমাকে কোনো সিনেমা মুক্তি দেওয়ার অনুমতি দেওয়া হচ্ছিল না। তখন তুমি আমার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলে এবং চিত্রনাট্য, শিরোনাম বা এই সিনেমায় শেষ পর্যন্ত কী হতে চলেছে, সে সম্পর্কে কিছু না জেনেই দেশু সাত-এর জন্য হ্যাঁ বলেছিলে।এই সিনেমা আমাকে উপলব্ধি করিয়েছে যে, তুমি শুধু অভিনেতা হিসেবেই নয়, একজন ব্যক্তি হিসেবেও কতটা বিকশিত হয়েছ। পেশাগত এবং ব্যক্তিগত জীবনের মধ্যে কী সুন্দর ভারসাম্য বজায় রেখে চলেছ। তোমাকে বেড়ে উঠতে, বিকশিত হতে এবং তারপরেও এতটা মাটির কাছাকাছি থাকতে দেখাটা সত্যিই অনুপ্রেরণাদায়ক।’


ভালোবাসা, রাজনীতি, দেশপ্রেম, মারকাটারি অ্যাকশন, সমাজের প্রতি বার্তা - এই সব কিছু নিয়ে দর্শকের কাছে ধরা দেবেন তাঁদের প্রিয় জুটি দেব-শুভশ্রী। পুজোতে টক্কর হবে 'বহুরূপী দ্য গোল্ডেন ডাকু'র সঙ্গে। কিন্তু অভিনেতা সেইসব নিয়ে ভাবতে রাজি নন। আপাতত তাঁর লক্ষ্য সুন্দরভাবে পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করা। তাঁর পাশে থাকার জন্য, তাঁকে বিশ্বাস করার জন্য খোলা চিঠির মাধ্যমেই প্রাক্তন প্রেমিকাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়েছেন দেব (Dev)। শুভেচ্ছা জানিয়েছেন আগামী জীবনের। ১০ বছরের মান অভিমান ঘুচিয়ে প্রিয় তারকা জুটি এতটা কাছাকাছি আসতে পেরেছে জেনে খুশি ফ্যানেরা। এখন বক্স অফিসে এর কতটা প্রভাব পড়ে সেটাই দেখার।

















