দীর্ঘদিন মারণ রোগ ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন, এবার যুদ্ধ শেষ। চিরকালের মতো থেমে যেতে হল কিংবদন্তি সঙ্গীতশিল্পী ডলি পার্টনকে (Dolly Parton)। বিশ্বতারকার মৃত্যুতে শোকের ছায়া তাঁর অনুরাগী মহলে। ৮০ বছর বয়সী মার্কিন কান্ট্রি গায়িকার মৃত্যুতে দেশের জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump)।
প্রায় ছয় দশক ধরে হলিউড গানের জগতে যিনি নিজের সুরেলা জাদু ছড়িয়েছেন তার সূচনা হয়েছিল মাত্র ৬ বছর বয়সে। হৃদয়স্পর্শী গান লেখা শুধু নয় পাশাপাশি গায়িকা এমনকি অভিনেত্রী হিসেবেও তিনি অনুরাগীদের মনে বিশেষ জায়গা নিয়ে আছেন আজও। ১৯৪৬ সালে দরিদ্র পরিবারে জন্ম হয়েছিল ডলির, জীবন যাপনে লড়াই ছিল কিন্তু স্বপ্নের উত্থান কোনদিনই থেমে যেতে দেননি কিংবদন্তি। বুঝেছিলেন নিজেকে প্রকাশ করার সবথেকে বড় অবলম্বন গান, মাত্র ২১ বছর বয়সে প্রথম মিউজিক অ্যালবাম প্রকাশিত হতেই রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন গায়িকা। দশটি গ্র্যামি পুরস্কার জয়ী গায়িকার মায়ের উদ্দেশে লেখা ‘কোট অব মেনি কালারস’- আবেদন ফুরোবে না কোনওদিনই। অভিনেত্রী হিসেবে ‘দ্য বেস্ট লিটল হোরহাউস ইন টেক্সাস’-এর মতো ছবিতে অভিনয়ের জন্য তিনি দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছিলেন। বর্ষীয়ান শিল্পীর প্রয়াণে বিশ্বজুড়ে শ্রোতাদের মন খারাপ। শোক প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্টও।
















