নিজের অত্যন্ত প্রিয় অভিনেতা বা অভিনেত্রীকে চোখের সামনে দেখে অনেকেই আবেগ সামলাতে পারেন না, এই বিষয়টি একেবারেই নতুন নয়। অনুরাগীদের বিভিন্ন ধরণের কীর্তিকলাপ মাঝে মধ্যেই বিপাকে ফেলে দেয় সেলিব্রিটিদের। কিন্তু, সেই পছন্দের মানুষকে স্পর্শ করার ছাড়পত্র কিন্তু সবসময় একেবারেই পাওয়া যায়না। এবার এক চরম অস্বস্তিকর মুহূর্তের সাক্ষী হলেন অভিনেত্রী নিকিতা রাওয়ল। লাল গালিচায় এক মহিলা অনুরাগী হঠাৎ করে সামনে এসে সোজা ঠোঁটে চুম্বন করেন তাঁকে! স্বাভাবিকভাবেই এই ঘটনায় রীতিমতো স্তম্ভিত হয়ে যান তিনি।
শনিবার একটি অনুষ্ঠানে পোজ দেওয়ার সময়ে এক মহিলা অনুরাগী তাঁর কাছে এসে সেলফি তোলার আবদার করলে তিনিও কথা রাখেন। ছবি তোলার পরেই প্রথমে নিকিতার গালে চুমু খান ওই মহিলা। তারপর নিমেষের মধ্যেই অভিনেত্রীকে কাছে টেনে তাঁর ঠোঁটে চুমু খান তিনি। ঘটনায় রীতিমত অবাক হয়ে যান নিকিতা। সেই চুম্বনের দৃশ্যের ভিডিয়ো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। দেখা যাচ্ছে ওই অনুরাগীকে সরিয়ে দিতে চাইছেন অভিনেত্রী কিন্তু সেই অনুরাগী একেবারেই সরতে নারাজ। এরপরে তিনি ফের একবার নিকিতার গালে চুমু খান। অবশেষে সেখান থেকে চলে যান তিনি। হঠাৎ এই পরিস্থিতির মুখে পড়ে কিছুটা হতভম্ব হয়ে যান নিকিতা। কী ঘটে গেল সেটা বোঝার আগেই ক্যামেরাবন্দি হয়ে গিয়েছে সেই অস্বস্তিকর মুহূর্ত।
বলা বাহুল্য, ভিডিয়োটি ঘিরে আলোচনা তুঙ্গে। অনেকেই নেটদুনিয়ায় সেই অনুরাগীর আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন। পছন্দের তারকা হলেও তাঁর সম্মতি ছাড়া এইভাবে শারীরিকভাবে ঘনিষ্ঠ হওয়া বা চুম্বন করা কখনওই গ্রহণযোগ্য নয় বলেই তারা মনে করছেন। যদিও অনেকেই মনে করছেন এখানে অনুষ্ঠানের কর্মকর্তাদের আরও অনেক বেশি সতর্ক হওয়া উচিত ছিল। তবে বেশ কিছু ক্ষেত্রে উঠে এসেছে পাবলিসিটি স্টান্টের তত্ত্বও।
















