হাত সুন্দর দেখাতে এবং সাজসজ্জাকে নিখুঁত করতে আজকাল তরুণী থেকে শুরু করে কর্মরতা নারীদের মধ্যে ‘নেল আর্ট’ (Nail Art) এবং ‘নেল এক্সটেনশন’ (Nail Extensions)-এর ক্রেজ এককথায় তুঙ্গে। সাধারণ নেলপলিশের দিন শেষ করে এখন পার্লারমুখী হওয়ার প্রবণতা বেড়েছে বহুলাংশে। কিন্তু বাহ্যিক এই সৌন্দর্য এবং গ্ল্যামারের আড়ালেই যে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি লুকিয়ে রয়েছে, তা কি আমরা জানি? সম্প্রতি আন্তর্জাতিক স্তরে নেলপলিশের একটি ক্ষতিকর উপাদান নিষিদ্ধ হওয়ায় এই নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।   

সম্প্রতি জেল নেল পলিশে ব্যবহৃত TPO (Trimethylbenzoyl Diphenylphosphine Oxide) নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ১ সেপ্টেম্বর ২০২৫ থেকে প্রসাধনীতে TPO নিষিদ্ধ করেছে। ইউরোপীয় কমিশনের ব্যাখ্যায়, TPO-কে CMR Category 1B reproductive toxicant হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। ফলে বিষয়টি শুধু সৌন্দর্যের নয়, রাসায়নিক নিরাপত্তার প্রশ্নও তুলেছে। 

কেন মানুষ ঝুঁকছে এর দিকে?
দীর্ঘস্থায়ী সৌন্দর্য: সাধারণ নেলপলিশ দু-চার দিনেই উঠে যায়, কিন্তু জেল নেলপলিশ বা এক্সটেনশন সপ্তাহের পর সপ্তাহ চকচকে ও নিখুঁত থাকে।
হাতের সৌন্দর্য: ছোট বা অসমান নখকে মনের মতো লম্বা, আকর্ষণীয় ও সুন্দর আকৃতি দেওয়া যায়।
ফ্যাশন ও স্ট্যাটাস সিম্বল: ওয়েডিং পার্টি, উৎসব বা কর্পোরেট ইভেন্টে আউটফিটের সঙ্গে মিলিয়ে নখকে স্টাইলিশ করে তুলতে এর জুড়ি মেলা ভার।

ক্ষতিকর প্রভাব: 
১। ক্যান্সার ও প্রজনন ক্ষমতার ঝুঁকি: টিপিও (TPO) নামক কেমিক্যালটি জেল পলিশকে অতি দ্রুত শক্ত করতে সাহায্য করে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, উচ্চমাত্রায় এই রাসায়নিকের প্রভাবে প্রজনন ক্ষমতা ব্যাহত হওয়া এবং দীর্ঘমেয়াদে ক্যানসারের মতো মারাত্মক ঝুঁকি তৈরি হতে পারে। যদিও সাধারণ ব্যবহারে এর মাত্রা কম থাকে, তবুও বারবার সংস্পর্শে আসা বিপজ্জনক।
২। ত্বকের ক্যানসার ও এলার্জি: নখ শুষ্ক করতে ব্যবহৃত ইউভি (UV) বা এলইডি ল্যাম্প থেকে নির্গত রশ্মি হাতের ত্বকের মারাত্মক ক্ষতি করে। এর ফলে ত্বকের অকাল বার্ধক্য এবং ত্বকের ক্যানসারের (Skin Cancer) ঝুঁকি বহুলাংশে বেড়ে যায়। এছাড়া অনেক সময় এক্রালেটস (Acrylates) জাতীয় উপাদানের কারণে ‘কন্ট্যাক্ট ডার্মাটাইটিস’ বা ত্বকে অ্যালার্জি দেখা দেয়।
৩। প্রাকৃতিক নখের চিরস্থায়ী ক্ষতি: ঘন ঘন এক্সটেনশন করলে এবং তা তোলার সময় অ্যাসিটোন বা কড়া কেমিক্যাল ব্যবহারের ফলে প্রাকৃতিক নখ মারাত্মক পাতলা, দুর্বল ও ভঙ্গুর হয়ে যায়। অনেক সময় নখের ইনফেকশন বা ফাঙ্গাল ইনফেকশনও দেখা দেয়।

কেমন ধরনের নেল আর্টস হয়?
পার্লারগুলিতে এখন নানা আধুনিক পদ্ধতিতে নখ সাজানো হয়। প্রধানত যে ধরনগুলি বেশি দেখা যায়:
১। জেল নেল এক্সটেনশন (Gel Nails): ইউভি বা এলইডি ল্যাম্পের আলোয় বিশেষ তরল জেল শক্ত করে এই এক্সটেনশন করা হয়। দীর্ঘস্থায়ী ও চকচকে হওয়ায় এটি জনপ্রিয়।
২। অ্যাক্রিলিক নেলস (Acrylic Nails): লিকুইড এবং পাউডারের মিশ্রণে তৈরি এই নখ অত্যন্ত শক্ত হয় এবং দীর্ঘস্থায়ী হয়। পরে সেটিকে ঘষে পছন্দমতো আকার দেওয়া হয়।
৩। বায়াব (BIAB - Builder in a Bottle): প্রাকৃতিক নখকে ভাঙন থেকে বাঁচাতে ও শক্ত রাখতে এটি আজকাল বেশ জনপ্রিয়।
৪। থ্রিডি নেল আর্ট ও ক্রিস্টাল: নখের ওপর স্টোন, ছোট পুতি, ও পার্ল বসিয়ে বিভিন্ন নকশা বা থ্রিডি ডিজাইন ফুটিয়ে তোলা হয়।

থেকে বাঁচার প্রতিকার ও করণীয় কী?
টিপিও-মুক্ত পণ্য ব্যবহার: নেলপলিশ কেনার সময় বা পার্লারে যাওয়ার আগে নিশ্চিত করুন যে প্রোডাক্টটি ‘TPO-Free’ কি না। আজকাল বহু ব্র্যান্ড নিরাপদ বিকল্প (যেমন TPO-L) ব্যবহার করছে।
ইউভি প্রোটেকশন: জেল নেল করার সময় ইউভি ল্যাম্পের নিচে হাত দেওয়ার অন্তত ২০ মিনিট আগে ভালো মানের সানস্ক্রিন লাগিয়ে নিন অথবা ইউভি-প্রোটেক্টিভ গ্লাভস ব্যবহার করুন।
বিরতি নেওয়া: একটানা মাসের পর মাস নেল এক্সটেনশন করে রাখবেন না। মাঝে অন্তত কয়েক সপ্তাহ নখকে ফাঁকা বা ‘নেচারাল’ রাখুন যাতে নখ অক্সিজেন পায়।
রাসায়নিক থেকে দূরে থাকুন: বাড়িতে রিমুভ করার সময় খুব কড়া বা লো-কোয়ালিটি অ্যাসিটোন ব্যবহার করবেন না। পুষ্টির জন্য ডায়েটে ওমেগা-৩ ও প্রোটিন রাখুন এবং নখে নিয়মিত কিউটিক্যাল অয়েল বা ময়েশ্চারাইজার ব্যবহার করুন।