ভারতের প্রথম মহিলা মিমিক্রি শিল্পী হিসেবে পরিচিতি লাভ করা সমাজকর্মী তথা জনপ্রিয় অভিনেত্রী আশা সিং জয়সওয়াল আর নেই (Asha Singh Jaiswal passed away)। প্রায় নব্বই বছর বয়সী অভিনেত্রীর প্রয়াণে বলিউডে শোকপ্রকাশ সতীর্থদের। শনিবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। সেই খবর সোশ্যাল মিডিয়ায় জানান ছেলে আকাশ। আশা সিং জয়সওয়াল বি.আর চোপড়ার 'মহাভারত' (Mahabharat) ধারাবাহিকে দ্রোণাচার্যের স্ত্রী কৃপীর ভূমিকায় অভিনয় করে দর্শকের প্রশংসা পেয়েছিলেন।
১৯৭০ থেকে সিনেমা ও টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কাজ করা শুরু। প্রায় পাঁচ দশক ধরে বিনোদন জগতের সঙ্গে যুক্ত ছিলেন আশা। অভিনয়ের পাশাপাশি মিমিক্রি শিল্পী হিসেবে তিনি সকলের প্রিয় হয়ে উঠেছিলেন।বিশেষ করে কিংবদন্তি অভিনেত্রী মীনা কুমারীর কণ্ঠস্বর নকল করার জন্য তিনি পরিচিত ছিলেন। রবিবার মুম্বইয়ের বিলে পার্লের পবনহংস শ্মশানে আশার শেষকৃত্য সম্পন্ন হয়েছে বলে পরিবারের তরফে জানানো হয়েছে। অভিনেত্রীর শিল্প সৃষ্টি বাঁচিয়ে রাখতে সমাজমাধ্যমে তাঁর পুরনো কাজগুলি দেখার এবং তাঁকে স্মরণ করার জন্য সকলের কাছে অনুরোধ জানিয়েছেন ছেলে আকাশ।
















