ভারতের প্রতিবেশী রাষ্ট্র নেপালে ভয়াবহ হড়পা বানে (Flash Flood in Nepal) বিধ্বস্ত রসুয়া জেলা। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। দীর্ঘ হচ্ছে নিখোঁজদের তালিকাও। এরই মাঝে খবর, নেপালে শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনাস্থল থেকে বেশ কিছুটা দূরে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায় (Kharaj Mukherjee)। সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী-ও।
বুধবার সকাল থেকেই আচমকা ভোতেকোশি নদীর জলস্তর বৃদ্ধি পেতে থাকে। এরপরই চিন সীমান্তবর্তী ওই জেলায় হড়পা বান (Flash Flood) নামে। বিধ্বস্ত রসুয়া জেলা, ক্ষতিগ্রস্তহয়েছে তিব্বতের গাইরং প্রদেশ-সহ বহু এলাকাও। নেপালের দুর্যোগে ক্রমশ বাড়ছে প্রাণহানির সংখ্যা। জোরকদমে চলছে উদ্ধারকাজ, নিখোঁজদের সন্ধানও চালানো হচ্ছে।কলকাতার বহু পর্যটক আটকে পড়েছেন বলে জানা গিয়েছে। টলিউড অভিনেতা খরাজ মুখোপাধ্যায় পোখরায় একটি শ্যুটিংয়ে গিয়েছেন। বাংলা বিনোদন জগতের একাধিক কলাকুশলীও সেখানে রয়েছেন। নেপালের পরিস্থিতির কথা প্রকাশে আসতেই উদ্বেগ বাড়তে থাকে অভিনেতার পরিবারে। ছেলে বিহু জানিয়েছেন, তাঁর বাবা-মা সকলেই ঠিক আছেন। সম্ভবত উত্তরপ্রদেশের গোরক্ষপুর দিয়ে ফিরছেন। তবে খারাপ আবহাওয়ার আবহাওয়ার জেরে বিমান পরিষেবা কিছুটা ব্যাহত হচ্ছে। নেপালের ধ্বংসলীলার দিকে নজর রেখেছে নয়া দিল্লি। ভারতের উত্তরভাগেও একাধিক রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে।
















