পুজোর আনন্দ মিটতে না মিটতেই শহরবাসীর মনে খুশির জোয়ার নিয়ে আসে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kolkata International Film Festival 2026)। অন্যান্য বছরের মতো এবারও শীতের মহানগরীতে একগুচ্ছ দেশি বিদেশি সিনেমা দেখার সুযোগ। তবে এবার রাজ্যে বিজেপি সরকার। তাই KIFF আয়োজনেও পরিবর্তনের ছোঁয়া। নীল লোগো বদলে এল গেরুয়া রং। ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মুখ্য উপদেষ্টা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ফেস্টিভ্যালের চেয়ারম্যান প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। শুক্রবার নন্দনে (Nandan) এবারের চলচ্চিত্র উৎসবের লোগো উন্মোচিত হল।
৩২ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঘিরে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার নন্দনে এই সংক্রান্ত একটি বৈঠক হয় যেখানে বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, অভিনেতা মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, রূপা গঙ্গোপাধ্যায়, বিধায়ক রুদ্রনীল ঘোষ, অঞ্জনা বসু, হিরন চট্টোপাধ্যায়, চূর্ণী গঙ্গোপাধ্যায়, জুন মালিয়া-সহ টলিউডের অনেকেই। জানা গিয়েছে আগামী ১৬ ডিসেম্বর থেকে KIFF শুরু হবে চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। আটদিন ব্যাপী আয়োজিত এই চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার জন্য ইতিমধ্যেই দেশ-বিদেশ থেকে সিনেমা জমা পড়তে শুরু করেছে। কমিটির সদস্যরা ইতিমধ্যেই ছবি পর্যালোচনা করতে শুরু করে দিয়েছেন। মহানায়কের জন্মশতবর্ষ উপলক্ষে এবারের চলচ্চিত্র উৎসবে রাজ্য সরকারের তরফে বিশেষ উত্তম পুরস্কার সম্মানের ব্যবস্থা করা হয়েছে।
৩২ তম চলচ্চিত্র উৎসবের অন্যতম চমক লোগোর রঙে। এতদিন পর্যন্ত কিফের নীল রং দেখতে অভ্যস্ত হলেও পালাবদলের বাংলায় এবার সেখানে গেরুয়া ছোঁয়া। পাশাপাশি নভেম্বরের পরিবর্তে আরো একমাস পিছিয়ে ডিসেম্বরে সিনে উৎসব আয়োজনের অফিসিয়াল ঘোষণা করা হয়েছে। অভিনেতা প্রসেনজিৎ জানান, সিনেমাপ্রেমী মানুষের কাছে এই ৮ দিন ভীষণ কাঙ্ক্ষিত। সকলে যাতে ভালো ছবি দেখার সুযোগ পান সেই চেষ্টা করা হবে।
















