টলিউডের নতুন প্রজন্মের পরিচালকেরা যাঁদের তৈরি ছবি একটু অন্যরকমভাবে মনে থেকে যায় তাঁদের মধ্যে অন্যতম একজন হলেন পরিচালক শমীক রায়চৌধুরী। শমীকের প্রথম ছবি ছিল ‘বেলাইন’। গভীর মনস্তত্ত্বের সেই ছবিটি দর্শক এবং সমালোচক মহলে যথেষ্ট চর্চিত এবং প্রশংসিত হয়। আজ মুক্তি পাচ্ছে পরিচালকের দ্বিতীয় ছবি সাইকোলজিক্যাল থ্রিলার ‘মায়া সত্য ভ্রম’।
কয়েকদিন আগেই পাটুলি ফুড স্ট্রিট-এ অফিশিয়াল ট্রেলার এবং মিউজিক লঞ্চ হয়ে গেল ছবির। থ্রিলার, সাসপেন্স, কিছু অন্ধবিশ্বাস, কিছু সংশয়, অধ্যাত্মবাদ সবকিছু মিশেলে তৈরি এই ছবির বিষয়বস্তু কিন্তু সেই মানুষের মনই। কিছু বাস্তব থাকে যা কল্পনার চেয়েও বিচিত্র হয় যা হয়তো সবসময় আমাদের পছন্দ নাও হতে পারে এটাই এই ছবির মূলভাবনা। পরিচালক শমীক রায়চৌধুরী মনের কথা, মনস্তত্ত্বের কথা বলতেই ভালবাসেন। ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার, শ্রেয়া ভট্টাচার্য, মৌ রায়, অভিনেতা সোহম মজুমদার, শুভ্রজিৎ দত্ত, মনোজ মিশিগান, সৌম্য মজুমদার, অলোক সান্যাল, রাধা বসু ঠাকুর প্রমুখ। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন তমালকান্তি ঘোষ। গীতিকার তমাল ও প্রলয় সরকার। ছবিতে গান গেয়েছেন শিলাজিৎ, মজুমদার, রূপম ইসলাম, শ্রেষ্ঠা দাস প্রমুখ। ছবির ডিওপি প্রসেনজিৎ কোলে, অ্যাসোসিয়েট ডিরেক্টর দিবাকর রনি দাস, কালারিস্ট দেবজ্যোতি ঘোষ, প্রোডাকশন ডিজাইনার তপন শেঠ।
অফিশিয়াল ট্রেলার এবং মিউজিক লঞ্চের জমজমাট সেই অনুষ্ঠানে সেদিন উপস্থিত ছিলেন ‘মায়া সত্য ভ্রম’-এর পুরো টিম। অভিনেতা, অভিনেত্রী, মিউজিক টিম-সহ কলা-কুশলীরা। এই ছবিটি প্রসঙ্গে পরিচালক জানালেন নিজের অনুভূতি— ‘মায়া সত্য ভ্রম’ আমার কাছে অত্যন্ত ব্যক্তিগত একটি জার্নি। এই ছবিতে পরতে পরতে উঠে আসবে রহস্যের বেড়াজাল, বিশ্বাস, সংশয়, মানুষের গভীর মনস্তত্ত্বের খেলা, যা প্রতিনিয়ত একে অপরের সঙ্গে মিশবে। আমি আমার ছবির প্রত্যেক অভিনেতা, অভিনেত্রী, কলাকুশলীদের কাছে কৃতজ্ঞ এবং প্রেক্ষাগৃহে দর্শকদের সামনে এমন একটা চলচ্চিত্র তুলে ধরতে পারার জন্য অত্যন্ত উচ্ছ্বসিত। এই ছবির গান এবং গানের ভাবনা বিশেষত্বের দাবিদার। অধ্যাত্মবাদ এবং আবেগের মিশেলে তৈরি গানগুলি দর্শকদের মনে আলাদা জায়গা তৈরি করে নেবে বলেই ‘মায়া সত্য ভ্রম’-এর মিউজিক টিম তথা পরিচালকের বিশ্বাস। কেমন হল ছবি ‘মায়া সত্য, ভ্রম’ তা জানতে আজকেই যেতে হবে প্রেক্ষাগৃহে।
















