কেন্দ্রে বিজেপি সরকারের আমলে চড়চড়িয়ে বাড়ছে জিনিস পত্রের দাম। মধ্যবিত্তের নাভিশ্বাস। এর নামই কী পরিবর্তন! এই বিষয়কে পাথেয় করে স্বল্পদৈর্ঘ্যের ছবি (Short Film) তৈরি করলেন প্রাক্তন আইপিএস তথা ডেবরার প্রাক্তন বিধায়ক ড: হুমায়ুন কবীর (Humayun Kabir)। নাম ‘পরিবর্তন’। সমাজমাধ্যমে ভিডিও পোস্ট (Video Post) করে হুমায়ুন লিখেছেন, বহুদিন পর আড়াই মিনিটের জন্য ক্যামেরার পিছনে দাঁড়িয়েছেন তিনি। দর্শকদের ছবিটি পছন্দ হলে লাইক, মন্তব্য ও ভাগ করে নেওয়ার আবেদনও জানিয়েছেন। পাশাপাশি তাঁর দাবি, এই কাজের জন্য উৎসাহ পেলে ভবিষ্যতে ফের শর্ট ফিল্ম তৈরি করবেন। এমনকি পরের ছবি রোম্যান্টিক ঘরানার হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
কী রয়েছে ‘পরিবর্তন’-এর গল্পে?
একটি মধ্যবিত্ত পরিবারের দৈনন্দিন টানাপোড়েনের ছবিই তুলে ধরা হয়েছে ওই স্বল্পদৈর্ঘ্যের ছবিতে। বাড়িতে শাশুড়ি এসে বউমাকে রান্না শেষ হয়েছে কি না জানতে চান। ঠিক সেই সময়ই শেষ হয়ে যায় রান্নার গ্যাস। বিষয়টি নিয়ে স্বামীকে জানাতেই শুরু হয় সংসারের আর্থিক টানাপোড়েন কথা। এরই মধ্যে উঠে আসে অন্নপূর্ণা ভাণ্ডারের প্রসঙ্গ। পরিবারের বউয়ের নাম ভোটার তালিকায় না থাকায় তাঁর অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা মেলেনি। ভোটার তালিকায় নামের বিষয়টি বিচারাধীন থাকার কথাও বলা হয়েছে। ফলে সরকারি প্রকল্পের সুবিধা না পাওয়ার সমস্যাকেও গল্পের অংশ করেছেন পরিচালক তৃণমূলের প্রাক্তন বিধায়ক। আসে ‘জুমলা’ শব্দটিও। দেশ নানা প্রতিশ্রুতিতে ভরে গেলেও বাস্তব পরিস্থিতি বদলায়নি, এমনই বক্তব্য তুলে ধরা হয়েছে ছবির সংলাপে। বিদ্যুতের খরচ নিয়েও কটাক্ষ রয়েছে শর্ট ফিল্মে। গ্যাস না থাকায় বাড়ির বধূকে উনুনে রান্না করতে দেখা যায়। গৃহকর্তার প্রশ্ন—এ টাই কি পরিবর্তন, নাকি শুধু ধোঁয়া?
প্রাক্তন আইপিএস তথা তৃণমূল নেতার এটাই প্রথম ছবি নয়। এর আগে ২০১৮ সালে মুক্তি পেয়েছিল হুমায়ুনের প্রথম ও একমাত্র পূর্ণদৈর্ঘ্যের ছবি 'আলেয়া'। এরপর পরে লম্বা বিরতির পরে ২০২৩-এ আবার ক্যামেরার পিছনে ফেরেন প্রাক্তন মন্ত্রী হুমায়ুন। তবে সেটাও ছিল শর্ট ফিল্ম। 'গুলাবি আসমান' (Gulabi Aasman) নামের একটি স্বল্পদৈর্ঘ্যের ছবি বানান তিনি, একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরার তকমা পায় ছবিটি। এবার ‘পরিবর্তন’-এ রাজনৈতিক স্যাটেয়ার রচনা করলেন হুমায়ুন। তবে, স্যোশাল মিডিয়া তিনি জানান, পরের ছবি হবে রোমান্টিক।
















