প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ঘিরে ফের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর গুঞ্জন। শুক্রবার আচমকাই রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নে উপস্থিত হন সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। টলিউডের জ্যেষ্ঠপুত্রকে নবান্নে দেখেই স্বভাবতই প্রশ্ন উঠতে শুরু করেছে, কী এমন কারণ ঘটল যার জেরে হঠাৎ প্রশাসনিক ভবনে হাজির হলেন তিনি? তবে কি এর নেপথ্যে রয়েছে নতুন কোনও সমীকরণ?

নবান্ন সূত্রে জানা গিয়েছে, এদিন প্রশাসনিক ভবনে এসে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের সঙ্গে একটি বৈঠক করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, মহানায়ক উত্তম কুমারের ১০০তম জন্মদিবস পালন সংক্রান্ত বিভিন্ন বিষয় আলোচনা করতেই তিনি নবান্নে এসেছিলেন। যদিও এই বৈঠক প্রসঙ্গে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চাননি মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

উল্লেখ্য, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর প্রসেনজিতের নবান্নে আসা এই প্রথম নয়। এর আগেও একাধিকবার তিনি নবান্নে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। সম্প্রতি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে কলকাতা সফরে এসে খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোজা চলে গিয়েছিলেন প্রসেনজিতের বাড়িতে। এরপর সম্প্রতি অগ্নিমিত্রা পালের সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একটি ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যেটিতে বিজেপি নেতা রাহুল সিনাকেও উপস্থিত থাকতে দেখা যায়। এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে টলিপাড়া থেকে রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়েছিল। শুক্রবারের এই নতুন বৈঠক সেই পুরনো জল্পনাকেই যেন আরও একটু উস্কে দিল।