কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাড়িতে আসার পরে এবার নবান্নে (Nabanna) ‘পদ্মশ্রী’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। বৃহস্পতিবার, রাজ্য রাজনীতির নানা খবর মধ্যেই নজর কাড়ে টলিউডের জ্যেষ্ঠপুত্রের নবান্ন গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে বৈঠক। তাহলে এবার পদ্ম শিবিরে প্রসেনজিতের যোগদান নিশ্চিত? তবে, রাজ্যের প্রশাসনিক দফতর থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের সামনে সেই জল্পনা উড়িয়ে টলিউডের ‘ইন্ডাস্ট্রি’ জানান, ৩ সেপ্টেম্বর উত্তমকুমারের জন্ম শতবার্ষিকী শুরু। সেই অনুষ্ঠান নিয়েই আলোচনা করতে নবান্নে আগামন তাঁর। পাশাপাশি বুম্বাদা এও জানান, রাজনীতিতে যোগদানের পরিকল্পনা থাকলে, আগে সে খবর সংবাদ মাধ্যমকেই জানাবেন তিনি।

নবান্ন থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রসেনজিৎ জানান, "উত্তমজেঠুর ১০০ বছরের বিশেষ উদযাপন নিয়ে পরিকল্পনা করা হচ্ছে। সেই বিষয় কথা হয়েছে। আমি মনে করি উত্তমকুমার কেবল পশ্চিমবঙ্গের নন, সারা ভারতবর্ষের এমনকী দেশের বাইরেও উত্তমকুমার সকলের প্রিয়। আগামী ১০০ বছর পরেও তাঁকে উদযাপন করা হবে।" 

শ্যামপ্রসাদের জন্মজয়ন্তীতে কলকাতায় এসে হঠাৎ করেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সঙ্গে মুখ্যমন্ত্রী, মন্ত্রী নিশীথ প্রামাণিক ও বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। মিনিট পনেরো সেখানে থেকে বেরিয়ে যান অমিত শাহ। আর তার পরেই জল্পনা ‘পদ্মশ্রী’ প্রসেনজিৎ কি এবার পদ্মশিবির? এর আগে এবছর ফেব্রুয়ারিতে ‘পদ্মশ্রী’ সম্মান প্রাপ্তিতে শুভেচ্ছা জানাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) বাড়িতে ছোটেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। সঙ্গে তৎকালীন রাজ্য বিজেপির (BJP) সাংস্কৃতিক সেলে প্রধান, অভিনেতা তথা বর্তমান বিধায়ক রুদ্রনীল ঘোষ। সেই ছবি স্যোশাল মিডিয়ায় পোস্ট করে প্রসেনজিৎ-পুত্র তৃষাণজিৎ লেখেন ‘জয়শ্রী রাম’। তখন থেকেই জল্পনা তাহলে কি এবার গেরুয়া শিবিরে নাম লেখাবেন টলিউডের ‘ইন্ডাস্ট্রি’? তাহলে কি এবার রাজ্যসভায় বিজেপির প্রার্থী হিসেবে যাচ্ছেন প্রাপ্ত অভিনেতা? 

এদিকে রাজ্যসভার তিনটি আসনে ভোটের দিনক্ষণ ঘোষণা হয়েছে। ২৪ জুলাই সেখানে উপনির্বাচন। সংখ্যাতত্ত্বের নিরিখে তিনটি আসনই এবার বিজেপির হাতে যাচ্ছে। এবার রাজ্যসভার সেই আসনগুলির একটিতে কি পদ্ম-তারকাকে পাঠাতে চায় বিজেপি? সেই কারণেই বালিগঞ্জের বাড়ি গেলেন স্বয়ং অমিত শাহ? এই সব জল্পনার মধ্যেই এদিন নবান্নে গিয়ে শুভেন্দুর সঙ্গে টলিউডের জেষ্ঠ্যপুত্র বৈঠক করার পরে চর্চা তুঙ্গে ওঠে। তার পরে আবার এইদিনই তৃণমূল ছেড়ে ৩ প্রাক্তন সাংসদ যান বিজেপি। 

নবান্ন থেকে বেরিয়ে অবশ্য রাজনীতিতে যোগ দেওয়ার জল্পনা উড়িয়ে প্রসেনজিৎ জানান, "টলিউড নিয়ে কথা হয়েছে৷ মহানায়ক উত্তম কুমারের বিষয় কথা হয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ এটুকু বিশ্বাস করুন, আমার সঙ্গে কারও কোনও রাজনৈতিক বিষয় নিয়ে কথা হয়নি৷ সেদিনও হয়নি, আজও হয়নি৷ যেটা হয়েছে সেটা আমাদের ইন্ড্রাস্ট্রির কথা৷ উত্তমজেঠুর ১০০ বছর, উত্তমকুমার বাঙালির আবেগ তাই সেই বিষয় নিয়ে কথা হয়েছে।" 

বিজেপিতে যোগাদান করবেন? এই বিষয় প্রসেনজিৎ বলেন, "আমি চারিদিকে দেখছি, হোয়াটসঅ্যাপে আসছে আমার কাছে, যাঁরা বলছেন এসব তাঁরা বিশ্বাস করুন শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী। আমাদের অনেক কথা থাকে, আমাদের অনেক প্রয়োজন থাকে।" যদি রাজনীতিতে যোগ দেন, আগে সংবাদ মাধ্যমকে জানাবেন বলেও জানান টলিউডের ইন্ডাস্ট্রি।