এ যেন এক স্বপ্নের বিয়ে, প্রায় দু-দশক আগে নিজের সুরেলা কণ্ঠে যে 'লাভ স্টোরি' বিশ্বজুড়ে চিরন্তন রূপকথার জন্ম দিয়েছিল এবার বাস্তবে সেই অনুভূতিকে নিজের জীবনে সত্যি করে তুললেন বিশ্বখ্যাত পপ তারকা টেলর সুইফট (Taylor Swift)। জল্পনার অবসান ঘটিয়ে বিয়ে করলেন আমেরিকান ফুটবল তারকা ট্র্যাভিস কেলসিকে। সাক্ষী রইল নিউইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেন। 

গ্র্যামি জয়ী গায়িকার সঙ্গে 'ক্যানসাস সিটি চিফস'-এর তারকা প্লেয়ারের প্রেমের সম্পর্ক প্রায় বছর দুয়েকের। তাঁদের বিয়ে নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল। দুজনের কেউই জনসমক্ষে কিছু বলতে চাননি। অবশেষে সমাজ মাধ্যমে ধরা পড়লো একটা ছবি যেখানে লেখা "JUST MARRIED" শব্দবন্ধ। ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে এই ছবিটা দেখার পর বাকি ঘটনা বুঝতে আর বেশি সময় লাগেনি। টেলর -ট্র্যাভিসের হাই-প্রোফাইল বিয়ের আসরকে অনেকে 'আমেরিকার রাজকীয় বিয়ে' (America's royal wedding) বলে আখ্যা দিয়েছেন।কড়া নিরাপত্তার মাঝেই একে একে বিয়ের আসরে প্রবেশ করতে দেখা যায় হলিউডের একঝাঁক প্রথম সারির তারকাদের।ব্যারিকেডের বাইরে হাজার হাজার ভক্ত ভিড় জমিয়েছিলেন। বিয়ের অনুষ্ঠানে একে একে যোগ  দেন জেনিফার লোপেজ, এড শিরান, ইথান হক, জিমি ফ্যালন এবং প্রখ্যাত ফুটবলার অ্যাবি ওয়ামব্যাচের মতো ব্যক্তিত্বরা। নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগী থেকে শুরু করে নেটপাড়া।