টলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাইমা সেন (Raima Sen) এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সর নিরঞ্জন মণ্ডল ওরফে লাফটারসেন (Laughtersane)এবার এক ফ্রেমে ধরা দিতে চলেছেন। স্টুডিও পাড়ায় খবর ব্রিটিশ-ভারতীয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ' দ্য মিউজিক টিচার' - এ (The Music Teacher) এই দুই তারকাকে একসঙ্গে দেখা যাবে। পরিচালনায় শ্রিময়ী চক্রবর্তী। রবীন্দ্র সংগীত এবং তার শিক্ষণকে শ্রদ্ধা জানিয়ে এই ছবির চিত্রনাট্য লেখ হয়েছে। খুব তাড়াতাড়ি কলকাতায় শ্যুটিং শুরু হবে বলে জানা গিয়েছে।

পরিচালক শ্রিময়ীর প্রথম বাংলা ন্যারেটিভ ফিল্ম হতে চলেছে ' দ্য মিউজিক টিচার'। মূলত নিজের মায়ের জীবনের অনুকরণে এই ছবি তৈরি করতে চান তিনি। বিশ্বকবি ও রবীন্দ্র সংগীতের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি যেসব শিক্ষকরা নিঃশব্দে বাংলার সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছেন, তাঁদের প্রতিও এটি এক বিশেষ অর্ঘ্য বলে জানিয়েছেন শ্রিময়ী। চিত্রনাট্য অনুযায়ী নিরঞ্জনকে এক ডিপ্রেশনে ভুগতে থাকা মেডিক্যালছাত্রের চরিত্রে দেখা যাবে। সংগীতের মাধ্যমে তাকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতে শিক্ষিকা ও পথপ্রদর্শক হয়ে উঠবেন রাইমা। জীবনের গল্পে মিশবে রবি ঠাকুরের সুরের মূর্ছনা। চলতি মাসেই সিনেমার কাজ শুরু হয়ে যাবে। যদিও অন্যান্য কাস্টিং-এর ব্যাপারে এখনও বিস্তারিত কিছু প্রকাশ করেননি পরিচালক।