বছরের পর বছর ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র ( KBC) সঞ্চালকের আসনে অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)।   ‘হট সিট’-এ বসে প্রতিযোগীরা প্রায়শই তাঁদের জীবনের কঠিন লড়াই, আর্থিক অনটন, ব্যক্তিগত যন্ত্রণা ও ঘুরে দাঁড়ানোর গল্প শোনান তিনি। কিন্তু এই দীর্ঘ সফরে এমন কিছু মুহূর্তও এসেছে, যা সামলানো বর্ষীয়ান অভিনেতার কাছেও ক্রমশ কঠিন হয়ে উঠছে। সম্প্রতি নিজের ব্লগে এমনই ইঙ্গিত দিয়েছেন বিগ বি। এমনকি লিখেছেন, এখন তাঁর অবসর নেওয়ার ইচ্ছা হচ্ছে।

‘কৌন বনেগা ক্রোড়পতি’-র ( KBC) হট সিটে প্রতিযোগীরা শুধু প্রশ্নের উত্তর এবং পুরস্কারের অর্থ নেওয়ার জন্য আসেন না। তাঁদের সঙ্গে আসে জীবনের নানা অভিজ্ঞতা। আর্থিক সংকট, ব্যক্তিগত সমস্যা, কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই কিংবা ঘুরে দাঁড়ানোর গল্প প্রায় প্রতি মরসুমেই প্রতিযোগীদের জীবনের নানা অধ্যায় উঠে আসে অনুষ্ঠানে। চলতি মরশুমেও তেমনই বেশ কয়েকটি ঘটনা অমিতাভকে গভীর ভাবে নাড়া দিয়েছে। তাঁর দাবি, কিছু প্রতিযোগী এমন কিছু ব্যক্তিগত অভিজ্ঞতার কথা জানিয়েছেন, যা শুনে নিজের আবেগ নিয়ন্ত্রণ করে ক্যামেরার সামনে সঞ্চালকের ভূমিকা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে।

৭ সেপ্টেম্বর মধ্যরাতে নিজের ব্লগে অমিতাভ লেখেন, কয়েক জন প্রতিযোগীর ব্যক্তিগত গল্পের কারণে তাঁদের প্রতি নিজের অনুভূতি সামলে রাখা কঠিন হয়ে উঠছে। অভিজ্ঞতাগুলি অত্যন্ত হৃদয়বিদারক। প্রতিযোগীদের ব্যক্তিগত জীবনের সেই ঘটনাগুলি প্রকাশ্যে না আনার সিদ্ধান্তও নিয়েছেন অমিতাভ। তাঁর মতে, এমন কিছু গল্প রয়েছে, যেগুলি নিয়ে প্রকাশ্যে বেশি কিছু বলা ঠিক হবে না। দীর্ঘদিন ধরে সঞ্চালনার দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিযোগীদের জীবনের নানা ওঠাপড়ার সাক্ষী হয়েছেন তিনি। তবে সাম্প্রতিক কিছু অভিজ্ঞতা তাঁকে বিশেষ ভাবে নাড়িয়ে দিয়েছে বলেই তাঁর লেখায় স্পষ্ট। সবচেয়ে তাৎপর্যপূর্ণ, ব্লগের লেখার শেষেই অবসরের প্রসঙ্গ তুলেছেন বিগ বি। রাত অনেক হয়ে গিয়েছে জানিয়ে তিনি লেখেন, এখন অবসর নেওয়ার ইচ্ছা হচ্ছে। রাত তাঁকে ডাকছে—এমন আবেগঘন কথাতেই শেষ করেন নিজের বক্তব্য।

প্রসঙ্গত, গত ১০ অগস্ট থেকে শুরু হয়েছে ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র ১৮তম সিজন। এ বারও সঞ্চালকের দায়িত্বে রয়েছেন অমিতাভ। চলতি মরসুমের থিম ‘সোচনা পড়েগা’। অর্থাৎ উত্তর দেওয়ার আগে আরও বেশি ভাবনাচিন্তার উপর জোর দেওয়া হয়েছে। দুই দশকেরও বেশি সময় ধরে ‘কেবিসি’-র সঙ্গে অমিতাভের সম্পর্ক। ২০০০ সালে অনুষ্ঠানটির প্রথম সিজন থেকেই তিনি দর্শকদের সামনে সঞ্চালকের ভূমিকায়। তৃতীয় সিজনে অবশ্য শাহরুখ খান সঞ্চালনার দায়িত্ব নিয়েছিলেন। তবে পরের সিজনেই ফেরেন অমিতাভ এবং তারপর থেকে এখনও পর্যন্ত তিনিই ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র মুখ।