সামনেই দুর্গাপুজো। আর এই পুজোর আনন্দ-উৎসবের সঙ্গে পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিল রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৯১ ( Rotary International District 3291)। শনিবার স্বামী বিবেকানন্দ পৈতৃক বাড়ি ও সাংস্কৃতিক কেন্দ্রে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সুচনা হল 'Sharadutsav@Sustainable'। এর মূল লক্ষ্য দুর্গাপুজোর ( Durga Pujo)মতো উৎসবকে পরিবেশবান্ধব করে তোলা।

রোটারি ইন্টারন্যাশনালের (Rotary International)পক্ষ থেকে জানানো হয়েছে, পুজো উদ্যোক্তাদের মধ্যে পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলাই হল এই প্রচারের মূল লক্ষ্য।  একই সঙ্গে পরিবেশ রক্ষা, সামাজিক সাম্য এবং সরকারি নিয়ম মেনে চলার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। এই উদ্যোগে প্রযুক্তিগত ও বৈজ্ঞানিক পরামর্শ দিতে ভারত সরকারের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান এবং একাধিক শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ও সহযোগিতার হাত বাড়িয়েছে বলে সূত্রের খবর। ফলে পরিবেশবান্ধব দুর্গাপুজোর পরিকল্পনা ও বাস্তবায়নে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। এদিনের অনুষ্ঠানে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৯১-এর  ( Rotary International District 3291) ডিস্ট্রিক্ট গভর্নর রতন তাপস ভট্টাচার্য এবং তাঁর টিম 'Sharadutsav@Sustainable'-এর মূল ভাবনা থেকে শুরু করে আগামী দিনের কর্মসূচি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

উল্লেখ্য, দুর্গাপুজো ( Durga Pujo) শুধু ধর্মীয় বা সাংস্কৃতিক উৎসব নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ। তাই এই বৃহৎ উৎসবকে কেন্দ্র করে পরিবেশ সচেতনতার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার সুযোগও যথেষ্ট বড়। সেই লক্ষ্যেই ‘Sharadutsav@Sustainable’ উদ্যোগের মাধ্যমে পুজো উদ্যোক্তা থেকে উৎসবপ্রেমী সকলকেই পরিবেশবান্ধব উদ্‌যাপনের পথে সামিল করার চেষ্টা করা হচ্ছে।