বলিউডের ভাইজান কতটা দিলদরিয়া সে কথা তাঁর সতীর্থরা ভালো করেই জানেন। এবার নিজের বডি ডাবলের অসুস্থতায় ফের একবার ত্রাতার রূপে ধরা দিলেন সলমন খান (Salman Khan)। কয়েকদিন আগেই বলিউড সুপারস্টারের মেগাবাজেট দক্ষিণী সিনেমার অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে আচমকাই হদরোগে আক্রান্ত হন সলমনের ‘বডি-ডাবল’ পারভেজ। দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন তিনি। জানা গিয়েছে তাঁর হৃদযন্ত্রে অস্ত্রোপচার করাতে হবে। বিষয়টি জানতে পারা মাত্রই পারভেজের অস্ত্রোপচারের যাবতীয় দায়িত্ব নিয়েছেন সলমন। অভিনেতার এহেন অবতারের প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা।

শ্যুটিংয়ের কাজের হাজার ব্যস্ততার মাঝেও নিয়ম করে হাসপাতালে ভাতৃসম পারভেজের খোঁজ নিতে দেখা গেছে সলমনকে। সুপারস্টার এই মুহূর্তে অভিনেত্রী নয়নতারার (Nayanthara) সঙ্গে অ্যাকশন ড্রামা 'মনস্টার' ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত। পারভেজ অসুস্থ হয়ে পড়ায় কাজ কিছুটা ব্যাহত হলেও প্রযোজকদের কথা মাথায় রেখে নিজেই মারপিটের দৃশ্যে অভিনয় করার সিদ্ধান্ত নিয়েছেন ভাইজান। একদিকে একাধিক ঝুঁকিপূর্ণ শট দিচ্ছেন এই বয়সেও, আবার এসবের মাঝে সময় করে নিজের বডি ডাবলের শারীরিক অবস্থার খোঁজও নিচ্ছেন। তাঁর ম্যানেজার জানিয়েছেন, পারভেজ যাতে সঠিক চিকিৎসা পরিষেবা পান, সেটা সুনিশ্চিত করতে সব ধরনের সাহায্য করে চলেছেন অভিনেতা।