মাঝআকাশে সহ-পাইলটের ছুরির আঘাতে রক্তাক্ত হওয়া সত্ত্বেও নিজের কর্তব্যে অবিচল ছিলেন তিনি। চরম বিপদের মুখে নিজের জীবন বাজি রেখে ১৮০ জন যাত্রীর প্রাণ বাঁচিয়ে ৯/১১-র মতো বড়সড় নাশকতা রুখে দিয়েছেন ফ্লাই দুবাইয়ের ভারতীয় চালক ক্যাপ্টেন স্মিত মচ্ছর। সেই বীরত্বকে স্যালুট জানিয়ে এ বার সমাজমাধ্যমে কলম ধরলেন বলিউড তারকা শাহরুখ খান।
ক্যাপ্টেন স্মিত মচ্ছরের অসীম সাহসিকতা ও দায়িত্ববোধের প্রশংসা করে শাহরুখ তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, চরম সংকটের মুহূর্তেও স্মিত যেভাবে অটল ও অবিচল থেকেছেন, তা বিরল। প্রতিকূল পরিস্থিতিতে নিজের জীবন ও নিরাপত্তাকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়া সহজ কাজ নয়, কিন্তু যাত্রীদের প্রাণ বাঁচাতে স্মিত ঠিক সেই কাজটিই করে দেখিয়েছেন। শাহরুখের কথায়, একজন ক্যাপ্টেনের প্রকৃত দায়িত্ববোধ কী হওয়া উচিত, স্মিত তা বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন। যা সাহস ও কর্তব্যনিষ্ঠার এক অনন্য নিদর্শন। একই সঙ্গে জখম পাইলটের দ্রুত আরোগ্য কামনা করে শাহরুখ যোগ করেন, গোটা দেশ আজ তাঁর জন্য গর্বিত।
উল্লেখ্য, গত বুধবার সকালে ফ্লাই দুবাইয়ের এফজেড ১০৭৩ বিমানটি দুবাই থেকে তেল আভিভের উদ্দেশে রওনা দিয়েছিল। মাঝআকাশে ককপিটের ভিতরেই ক্যাপ্টেন স্মিতের ওপর ছুরি নিয়ে অতর্কিতে হামলা চালায় বিমানের ওমানি সহ-পাইলট। গুরুতর জখম হয়েও অসামান্য দক্ষতায় বিমানটিকে সৌদির তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করিয়ে বড়সড় বিপর্যয় এড়ান তিনি। এর আগে অভিনেতা সলমন খানও সমাজমাধ্যমে স্মিতকে কুর্নিশ জানিয়েছিলেন। এ বার শাহরুখের এই আবেগঘন বার্তা নেটদুনিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে।















