বলিউড অভিনেতা সলমন খানের বাড়ির নিরাপত্তার দায়িত্বে মোতায়েন থাকা এক পুলিশকর্মীর আচমকা মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ডিউটির সময় অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

মৃত পুলিশকর্মীর নাম গণেশ রায়তে। বয়স ৪১ বছর। গণেশ মুম্বই পুলিশের LA-4 ইউনিটে কর্মরত ছিলেন। সলমনের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে নিরাপত্তার দায়িত্বে মোতায়েন ছিলেন তিনি। পুলিশ সূত্রে খবর, ডিউটির সময় আচমকাই অসুস্থ হয়ে পড়েন গণেশ। এরপর ঘটনাস্থলে থাকা সহকর্মীরা দ্রুত তাঁকে বান্দ্রার একটি হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালে পৌঁছনোর পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, হৃদ্‌রোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় চিকিৎসাগত প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই নিরাপত্তার ঘেরাটোপে রয়েছেন সলমন খান। তাঁর বিরুদ্ধে একাধিক হুমকির পর বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। ২০২৪ সালের এপ্রিল মাসে সলমনের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনাও ঘটেছিল। সেই ঘটনার পর থেকেই তাঁর বাড়ির সামনে নিয়মিত পুলিশ মোতায়েন করা হয়।