মহানগরের ব্যস্ত রাজপথে ফের চরম নিরাপত্তাহীনতার শিকার হলেন বিনোদন জগতের এক পরিচিত মুখ। অতিরিক্ত ভাড়া না দেওয়ায় মাঝরাস্তায় জোর করে নামিয়ে দেওয়া এবং নামার সময় গাড়ি দ্রুত গতিতে চালিয়ে পিষে মারার চেষ্টার অভিযোগ উঠল এক অ্যাপ-ক্যাব চালকের বিরুদ্ধে। আক্রান্ত তরুণী পেশায় মডেল, নৃত্যশিল্পী ও অভিনেত্রী। বর্তমানে তিনি জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'বাঘিনী'-তে মুখ্য চরিত্রে অভিনয় করছেন। মঙ্গলবার ভর সন্ধে বেলা দক্ষিণ কলকাতার হাজরা মোড়ে বসুশ্রী সিনেমা হলের সামনে ঘটে গেল হাড় হিম করা ঘটনা। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন অভিনেত্রী।
জানা গিয়েছে, শুটিং শেষ করে পার্ক স্ট্রিটে এক চিকিৎসকের চেম্বারে যাওয়ার জন্য 'র্যাপিডো' (Rapido) অ্যাপের মাধ্যমে একটি গাড়ি বুক করেছিলেন অভিনেত্রী সম্পিতা প্রামানিক। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া ও তীব্র যানজটের কারণে চিকিৎসকের সাক্ষাৎ বাতিল হয়ে যাওয়ায় তিনি অ্যাপেই গন্তব্য পরিবর্তন করে দমদমের বাসভবনের ঠিকানা নির্দিষ্ট করেন। অভিযোগ, গন্তব্য পরিবর্তনের পর থেকেই চালক অসহযোগিতা শুরু করেন এবং মাঝপথে গাড়ি থামাতে অস্বীকার করেন। পরিস্থিতি বেগতিক দেখে অভিনেত্রী তাঁকে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের কাছাকাছি কোনো স্থানে নামিয়ে দেওয়ার অনুরোধ জানান। ঠিক তখনই ভাড়াকে কেন্দ্র করে বচসা ও প্রাণঘাতী হামলার সূত্রপাত। গাড়িটি শেষ পর্যন্ত হাজরা মোড়ে বসুশ্রী সিনেমা হলের সামনে পৌঁছালে ভাড়াকে কেন্দ্র করে চালকের সঙ্গে অভিনেত্রীর তীব্র বচসা বাঁধে। অ্যাপে দমদম পর্যন্ত সম্পূর্ণ যাত্রার ভাড়া ৪৩৪ টাকা দেখাচ্ছিল। মাঝপথে নেমে যাওয়ায় অভিনেত্রী সেই স্থান পর্যন্ত নির্ধারিত ভাড়া মেটানোর কথা বললেও চালক অনড় থাকেন এবং পুরো পথের ভাড়াই দাবি করতে থাকেন।
অভিনেত্রী সেই অন্যায্য দাবি মানতে অস্বীকার করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর অভিনেত্রী যখন গাড়ির দরজা খুলে তাঁর শুটিংয়ের ব্যাগটি সঙ্গে নিয়ে নামতে যান, ঠিক সেই মুহূর্তেই দরজা খোলা অবস্থাতেই চালক আচমকা গাড়িটি দ্রুত গতিতে স্টার্ট করে টানতে টানতে নিয়ে যান। প্রাণ বাঁচাতে অভিনেত্রী কোনোমতে ব্যাগটি টেনে নিয়ে ছিটকে পড়েন এবং রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অন্য একটি গাড়ির ওপর গিয়ে আছড়ে পড়েন। অল্পের জন্য তিনি চাকায় পিষে যাওয়া থেকে রক্ষা পান।
এরপরই ঘটনার বিবরণ সমেত ও নির্দিষ্ট অ্যাপ ক্যাবের নিরাপত্তা ব্যবস্থার নিষ্ক্রিয়তার ঘটনা সামনে এনে সামাজিক মাধ্যমে লাইভে এসে কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী। তিনি জানান অভিযুক্ত চালকের নাম জাবেদ আলি আখতার এবং গাড়ির রেজিস্ট্রেশন নম্বরও প্রকাশ করেন। একইসঙ্গে অ্যাপ-ক্যাব সংস্থার সুরক্ষা ব্যবস্থা নিয়েও চরম ক্ষোভ উগরে দেন তিনি। তাঁর অভিযোগ, চলন্ত গাড়িতে চালকের দুর্ব্যবহারের সময় তিনি ক্রমাগত অ্যাপের জরুরি এসওএস (SOS) বোতাম চেপে সহায়তা চেয়েছিলেন, কিন্তু সংস্থার পক্ষ থেকে কোনো পদক্ষেপ বা ফিরতি বার্তা আসেনি।
ঘটনার আকস্মিকতায় হাজরা মোড় ও বসুশ্রী সিনেমা হল চত্বরের ব্যবসায়ী ও পথচারীরা তৎক্ষণাৎ ছুটে এসে আতঙ্কিত অভিনেত্রীকে উদ্ধার করেন এবং জল খাইয়ে আশ্বস্ত করেন। সামাজিক মাধ্যমে নিজের অনুগামী ও ধারাবাহিক প্রেমীদের কাছে ঘটনার সুবিচার দাবি করে অভিনেত্রী জানান, অভিযুক্ত চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তিনি কালীঘাট থানায় FIR দায়ের করবেন ও উপযুক্ত আইনি পদক্ষেপ নেবেন।















