তিনি বলিউডের অন্যতম সুপারস্টার। বক্স অফিসে তাঁর নামেই ১০০ কোটির ব্যবসা এক তুড়িতে নিশ্চিত হয়ে যায়। কিন্তু বলিউডের ‘ভাইজান’ অর্থাৎ সলমন খানের জীবনের শুরুর দিনগুলি এতটা মসৃণ ছিল না। বর্তমানে তাঁর সম্পত্তির পরিমাণ আনুমানিক প্রায় ৩,০০০ কোটি টাকা। অথচ, এই সলমনকেই একসময় স্কুলের বকেয়া বেতন দিতে না পারার কারণে ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছিল! কাজল এবং টুইঙ্কল খান্নার সঞ্চালিত টক শো ‘টু মাচ’ (Two Much)-এ এসে নিজের শৈশবের এই কঠিন ও আবেগঘন স্মৃতির কথা শেয়ার করেছেন স্বয়ং সলমন।

আরও পড়ুন: আচমকা নিখোঁজ! ছাদে জলের ট্যাঙ্কে মিলল শিশুর দেহ

সলমন জানান, ঘটনাটি ঘটেছিল যখন তিনি চতুর্থ শ্রেণিতে পড়তেন। সাধারণত দুষ্টুমির জন্য তাঁকে প্রায়ই ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখা হত। কিন্তু সেদিন পরিস্থিতি ছিল অন্যরকম। স্কুলে সলমনকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে তাঁর বাবা, বিখ্যাত চিত্রনাট্যকার সেলিম খান শিক্ষককে কারণ জিজ্ঞাসা করেন।

শিক্ষক জানান, সলমন কোনো দুষ্টুমি বা অপরাধ করেনি, বরং তাঁর পরিবারের পক্ষ থেকে স্কুলের ফি সময়মতো জমা না পড়ায় তাঁকে এই শাস্তি দেওয়া হয়েছে। এ কথা শুনে সেলিম খান দুঃখ পেয়ে শিক্ষককে বলেছিলেন, “ভুল তো আমার, তাহলে শাস্তি আমার ছেলেকে কেন? আমাকে বাইরে দাঁড় করানো উচিত।” এরপর তিনি প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে বেতন মিটিয়ে দেন। কিন্তু দুর্ভাগ্যবশত, এর ঠিক দুই সপ্তাহ পর আবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে এবং বকেয়া ফির কারণে সলমনকে স্কুল থেকে বের করে দেওয়া হয়।

আরও পড়ুন: চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট কীভাবে প্রকাশ্যে? পেশাগত বিধি লঙ্ঘনের অভিযোগে SSKM-কে আইনি চিঠি মমতার

অর্থকষ্টের সেই দিনগুলো পেরিয়ে সলমন আজ সাফল্যের শিখরে। তাঁর এই বিশাল সাম্রাজ্য এক দিনে গড়ে ওঠেনি। মাত্র ১৪ বছর বয়সে মুম্বইয়ের তাজ হোটেলে ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসেবে নাচ করে সলমন পেয়েছিলেন মাত্র ৭৫ টাকা। ১৯৮৮ সালে ‘বিবি হো তো অ্যায়সি’ (Biwi Ho To Aisi) ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। সেখানে তাঁর পারিশ্রমিক ছিল মাত্র ৩১,০০০ টাকা, যা তাঁর সততা দেখে পরে বাড়িয়ে ৭৫,০০০ টাকা করা হয়েছিল।

আরও পড়ুন: শুধু সিসিটিভি বসালেই হবে না, বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ হাইকোর্টের

তবে ১৯৮৯ সালে ‘ম্যায়নে পেয়ার কিয়া’ (Maine Pyar Kiya) ছবির ব্লকবাস্টার সাফল্যের পর সলমনকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। বর্তমানে ছবি প্রতি মোটা অঙ্কের পারিশ্রমিক, ‘বিগ বস’ সঞ্চালনা, নিজস্ব ব্র্যান্ড ও ব্যবসা মিলিয়ে আজ তিনি ৩ হাজার কোটি টাকার মালিক।

ভারতের ধনী অভিনেতাদের তালিকায় সলমন এখন অন্যতম শীর্ষস্থানে রয়েছেন, যার ঠিক উপরে আছেন অমিতাভ বচ্চন (৪,০০০ কোটি) এবং শাহরুখ খান (১০,০০০ কোটি)। স্কুলের ফি দিতে না পারা সেই ছোট্ট ছেলের এই অবিশ্বাস্য উত্থানের গল্প আজ কোটি কোটি মানুষের কাছে এক বড় অনুপ্রেরণা।