সকালটা শুরু হয়েছিল অন্য দিনের মতোই। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই বদলে গেল বীরভূমের (Birbhum) মাড়গ্রামের ইনতালা পাড়ার একটি পরিবারের ছবি। রবিবার সকালে বাড়ির ছোট্ট সদস্যকে খুঁজে না পেয়ে শুরু হয়েছিল তল্লাশি। ঘরের প্রতিটি কোণ, বারান্দা খুঁজেও সন্ধান মেলেনি। শেষ পর্যন্ত বাড়ির ছাদে গিয়ে জলের ট্যাঙ্কের (Water Tank) ভিতর থেকে উদ্ধার হল সাড়ে তিন বছরের তানভির শেখের নিথর দেহ।
এদিনের ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শিশুটির মৃত্যু কীভাবে হল, তা নিয়েই এখন তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। ঘটনার তদন্ত শুরু করেছে মাড়গ্রাম থানার (Margram Police Station) পুলিশ। পরিবার সূত্রে জানা গিয়েছে, তানভিরের বাবা হাসেম শেখ পেশায় রাজমিস্ত্রি। কাজের জন্য দীর্ঘদিন ধরেই তিনি চেন্নাইয়ে থাকেন। প্রায় দু’মাস আগে ফের কাজের উদ্দেশ্যে চেন্নাই যান তিনি। বাড়িতে ছিলেন স্ত্রী খুশি বিবি এবং তাঁদের একমাত্র ছোট্ট সন্তান তানভির। ছেলের মৃত্যুর খবর পাওয়ার পরই চেন্নাই থেকে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন হাসেম।
মাড়গ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির দেহ উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে দুর্ঘটনার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। তবে কীভাবে শিশুটি জলের ট্যাঙ্কের ভিতরে পৌঁছল, সেখানে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে কি না, নাকি ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে, এসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।















