রাত পোহালেই নন্দীগ্রামে উপনির্বাচন (Nandigram By Election)। সেই উপনির্বাচনের আগেই থানার দায়িত্বে বড় পরিবর্তন করল নির্বাচন কমিশন (Election Commission)। সোমবার নন্দীগ্রাম থানার (Nandigram Police Station) ইনস্পেক্টর ইন-চার্জ (আইসি) বদলের নির্দেশ দেওয়া হয়েছে। এত দিন এই দায়িত্ব সামলাচ্ছিলেন অজয়কুমার মিশ্র। তাঁর পরিবর্তে নন্দীগ্রাম থানার নতুন আইসি (IC) করা হয়েছে দেবাশিস সরকারকে।
তিনি এত দিন পূর্ব মেদিনীপুরের ট্রাফিক কন্ট্রোল রুমে ইনস্পেক্টর ইন-চার্জ পদে ছিলেন। উপনির্বাচনের সময় নন্দীগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব এবার তাঁর উপরই বর্তাল। কমিশনের নির্দেশ অনুযায়ী, নতুন দায়িত্ব অবিলম্বে কার্যকর করার কথা জানানো হয়েছে। এমনকি সোমবার সন্ধ্যার মধ্যেই দেবাশিসের দায়িত্ব গ্রহণের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
আরও পড়ুন: ভবানীপুর বিধানসভা পেল নতুন সাংসদ, কোয়েলের মনোনয়নের পর মন্তব্য মুখ্যমন্ত্রীর
তবে ঠিক ভোটের মুখে কেন এই রদবদল, তা নিয়ে সরকারি ভাবে কোনও কারণ জানানো হয়নি। কমিশনের নির্দেশিকাতেও অজয়কুমার মিশ্রকে সরানোর নির্দিষ্ট কারণ উল্লেখ নেই। ফলে নির্বাচনের আগে এই পরিবর্তন ঘিরে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে এর পিছনে কোনও নির্দিষ্ট কারণ রয়েছে কি না, সে বিষয়ে এখনও স্পষ্ট তথ্য সামনে আসেনি। মঙ্গলবার নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ইতিমধ্যেই শেষ হয়েছে প্রচারপর্ব। ৯ অক্টোবর হবে ভোটগণনা। উপনির্বাচনকে ঘিরে দুই কেন্দ্রেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তার মধ্যেই নন্দীগ্রাম থানার শীর্ষ পুলিশ আধিকারিকের এই বদল তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম এবং ভবানীপুর দুই কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পরে নিয়ম অনুযায়ী একটি আসন ছাড়তে হয় তাঁকে। ভবানীপুর আসনটি রেখে নন্দীগ্রাম ছেড়ে দেন তিনি। ফলে আসনটি শূন্য হওয়ায় উপনির্বাচনের প্রয়োজন হয়। নন্দীগ্রামে বিজেপির প্রার্থী হয়েছেন হাসিরানি রথ। তিনি শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্তসহায়ক প্রয়াত চন্দ্রনাথ রথের মা। অন্য দিকে, কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মিলন প্রধান। নন্দীগ্রামে মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস প্রথমে প্রার্থী দিলেও পরে সেই প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন। এরপর কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে সমর্থনের কথা জানান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।















