তৃণমূলের (TMC) রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিয়ে বিজেপির (BJP) হয়ে রাজ্যসভায় প্রার্থী হয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick)। আর তা নিয়েই সোমবার অভিনেত্রীকে নিশানা করলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। একইসঙ্গে বিজেপিকে খোঁচা দিলেন তিনি। বড় মাপের অভিনেত্রী কোয়েল। সংলাপ একবার মাথায় ঢুকিয়ে নিলে তা আর ভোলেন না। কটাক্ষের সুরে এমনটাই বললেন কুণাল। তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মুখ্যমন্ত্রী থাকাকালীন যে বুলি কোয়েল আউড়েছিলেন, এখন সেই একই বুলি আউড়ে বর্তমান মুখ্যমন্ত্রীর প্রশংসা করছেন। মল্লিক পরিবারের কাছ থেকে এমন ‘বিশ্বাসঘাতকতা’ তিনি আশা করেননি বলেই মন্তব্য কুণালের।

আরও পড়ুন: পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত! নন্দীগ্রাম মামলায় রাজ্য পুলিশকে কড়া বার্তা সুপ্রিম কোর্টের

বিজেপিতে লকেট চট্টোপাধ্যায়, ভারতী ঘোষের মতো নেত্রী থাকা সত্ত্বেও কোয়েল মল্লিককে রাজ্যসভার প্রার্থী করাকে বিজেপির ‘দেউলিয়াপনা’ বলেই অভিহিত করেন কুণাল। তাঁর কথায়, একসময় তৃণমূল তারকাদের প্রার্থী করলেই বিজেপির তরফে প্রশ্ন তোলা হত। এখন সেই বিজেপিই কার্যত একই পথে হাঁটছে। কুণালের কটাক্ষ, ‘‘তার মানে বিজেপির কাছে লকেটের থেকেও ভালো অভিনেত্রী কোয়েল!’’ 

আরও পড়ুন: বাদশা নন, পছন্দ আজহারউদ্দিন! কিং খানের মুখের ওপর জবাব প্রিয়াঙ্কার

মল্লিক পরিবারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কের কথাও এদিন তুলে ধরেন কুণাল। মল্লিক পরিবারকে যথেষ্ট সম্মান দিয়েছিলেন মমতা। রাজনীতিতে কোয়েলকে নিয়ে এসেছিলেন তিনিই। এমনকী অভিনেতা রঞ্জিত মল্লিকও একসময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। কিন্তু ক্ষমতার পালাবদলের পর কোয়েলের এই সিদ্ধান্ত মল্লিক পরিবারের ভাবমূর্তি এবং সম্মানকেই ক্ষতিগ্রস্ত করেছে বলে দাবি কুণালের।

এখানেই থামেননি তৃণমূল বিধায়ক। কুণালের প্রশ্ন, রাজ্যসভার ক্ষেত্রে যদি তৃণমূলের প্রতীকে জেতা সাংসদ পদ ছেড়ে বিজেপির হয়ে ফের নির্বাচনে লড়তে পারেন, তাহলে লোকসভার ক্ষেত্রে সেই ছবি দেখা যাচ্ছে না কেন! কুণালের কথায়, বর্তমানের এনসিপিআই সাংসদরা তৃণমূল তথা মমতার সমর্থনেই বিজেপি-বিরোধী ভোট পেয়েছিলেন। এখন সেই সমর্থন ছেড়ে সরাসরি নির্বাচনে লড়লে তাঁদের জামানত বাজেয়াপ্ত হবে। আর সেই ‘ভয়েই’ তাঁরা সাংসদ পদ থেকে ইস্তফা দিচ্ছেন না বলে কটাক্ষ কুণালের।