রাজ্যসভার (Rajya Sabha) প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা আগেই করেছিল বিজেপি (BJP)। তার পরের দিন, সোমবার সকালে আনুষ্ঠানিক ভাবে গেরুয়া শিবিরে যোগ দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick)। সল্টলেকে বিজেপির রাজ্য দফতরে তাঁর গলায় উত্তরীয় পরিয়ে হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক শশী অগ্নিহোত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির মিডিয়া বিভাগের আহ্বায়ক অনুপম ঘোষ এবং সহ-আহ্বায়ক চন্দ্রশেখর বাসোটিয়া।

আরও পড়ুন: লক্ষ্য মানুষের উন্নয়ন, বিজেপিতে যোগ দিয়ে কোয়েলের মুখে পুরানো কথা ও কাহিনী

বিজেপিতে যোগদানের পরেই বিধানসভায় গিয়ে রাজ্যসভার জন্য মনোনয়নপত্র পেশ করেন কোয়েল। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, শিল্পমন্ত্রী তাপস রায়-সহ দলের একাধিক শীর্ষ নেতা। মনোনয়ন পেশের পর কোয়েলকে নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী (Chief Minister Suvendu Adhikari)। তিনি বলেন, “ভবানীপুর বিধানসভা এবার এমপি পেল।”

অন্যদিকে, কোয়েলের প্রার্থী হওয়ার পর বিজেপিতে যোগ দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। সাধারণত কোনও রাজনৈতিক দলে যোগদানের পর প্রার্থী ঘোষণা করা হয়। কিন্তু কোয়েলের ক্ষেত্রে ঘটেছে তার উল্টো। রবিবার প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর সোমবার বিজেপিতে আনুষ্ঠানিক ভাবে যোগ দিলেন তিনি। এই প্রসঙ্গে শিল্পমন্ত্রী তাপস রায় (Tapas Roy) বলেন, “এটা দলীয় সিদ্ধান্ত। বর্তমানে দলের কথা ভেবে নেওয়া হবে। দলে যোগদান করার পর প্রার্থী ঘোষণা হয়ে থাকে। কিন্তু এক্ষেত্রে প্রার্থী ঘোষণার পর দলে যোগদান করলেন কোয়েল মল্লিক। এমন হতেই পারে। একে প্রার্থী করা হবে, এই সিদ্ধান্ত আগে থেকেই নেওয়া হয়েছিল। আমাদের রাজ্য সভাপতিও তো আজ মনোনয়ন পেশের সময় ছিলেন।”
বিধানসভা ভোটের আগে তৃণমূলের প্রার্থী হয়ে রাজ্যসভায় যাওয়া কোয়েল এবার পদ্ম টিকিটে ফের উচ্চকক্ষে ফেরার খবরে জোর চর্চা শুরু হয়েছে। তাঁর ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনেই ১৬ অক্টোবর উপনির্বাচন। আর ভোটই বিজেপির প্রার্থী কোয়েল।

বিজেপির পতাকা হাতে নিয়েই রাজ্য সরকারের উন্নয়নের জয়গান গাইলেন টলি অভিনেত্রী।  কোয়েল বলেন, “প্রথমেই ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপি নেতৃত্বকে আমাকে রাজ্যসভায় পাঠানো জন্য।রাজ্য সভার প্রার্থী হতে পেরে গর্বিত। গত ৫ মাসে রাজ্যে প্রভূত উন্নয়ন হয়েছে। বিগত কয়েক মাসে রাজ্যের উন্নয়নের যাত্রা চলছে।বাংলার উন্নয়নে যুক্ত থাকতে চাই। আমরা চাই পশ্চিমবঙ্গে আরও কাজ আসুক।” এর আগে তৃণমূলের হয়ে রাজ্যসভার সাংসদ হয়ে সাধারণ মানুষের হয়ে কাজ করার কথা বলেছিলেন। ফুল বদলের পরও কোয়েলের মুখে একই কথা কাহিনী। অতীতে তৃণমূলে নাম লেখানোর সিদ্ধান্ত ভুল ছিল, এই প্রশ্নের জবাব কার্যত এড়িয়ে যান তিনি। তাঁর কথায়, কোনওদিন কাউকে নিয়ে কোনও খারাপ মন্তব্য করেননি। ভবিষ্যতেও করবেন না বলেই দাবি কোয়েলের।


তৃণমূলের পক্ষ থেকে তাঁকে রাজ্যসভা নির্বাচনে প্রার্থী করা হয়। দলের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার পর তিনি রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন এবং ৬ এপ্রিল শপথ নেন। সেই সময় তিনি ছিলেন তৃণমূলের চার রাজ্যসভা প্রার্থীর অন্যতম। কিন্তু সেই রাজনৈতিক অধ্যায় দীর্ঘস্থায়ী হয়নি। মাত্র কয়েক মাসের মধ্যেই রাজ্যে তৃণমূল ক্ষমতা থেকে চলে যেতেই রাজ্যসভা থেকে ইস্তফা দেন কোয়েল। আর এবার বিজেপির রাজ্যসভার প্রার্থী হলেন টলি অভিনেত্রী।