‘বিগ বস বাংলা’ (Bigg Boss Bangla 2026) মানেই প্রতি মুহূর্তে নাটকীয় মোড় আর নতুন চমক। তবে রবিবাসরীয় রাতে রিয়্যালিটি শো-এর দর্শকদের জন্য অপেক্ষা করছে এই মরশুমের সবচেয়ে বড় ধামাকা। ‘বিগ বস’-এর সুরক্ষিত দুর্গে এবার পা রাখলেন খোদ টলিউডের জ্যেষ্ঠপুত্র প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের ‘দাদার দরবার’-এ মহারাজের পাশাপাশি টলিউড ‘ইন্ডাস্ট্রি’র এই উপস্থিতি ঘিরে নেটপাড়া ও অনুরাগী মহলে উত্তেজনা এখন তুঙ্গে।
আরও পড়ুন: ফুল বদলে এবার বিজেপির টিকিটে রাজ্যসভার প্রার্থী কোয়েল
সূত্রের খবর, মূলত নিজের আসন্ন ছবি ‘ডাক্তার কাকু’-এর প্রচারের জন্যই ‘বিগ বস বাংলা’র সেটে হাজির হয়েছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তবে ঘরে ঢুকেই তিনি কেবল সিনেমার প্রচারেই সীমাবদ্ধ থাকেননি। প্রতিযোগীদের মুখোমুখি হয়ে তাঁদের পারফরম্যান্স নিয়ে সরাসরি ক্ষোভ উগরে দিতে দেখা যায় তাঁকে। সদ্য মুক্তি পাওয়া প্রোমোতে দেখা গিয়েছে, প্রতিযোগীদের উদ্দেশে কড়া সুরে বুম্বাদা বলছেন, “এসব করলে চলবে না। তোমরা একটাও টাস্ক করতে পারছ না?” তবে প্রতিযোগীদের অনেকেই অভিনেতার মুখোমুখি হয়ে আবেগপ্রবণও হয়ে পড়েন।
আরও পড়ুন: চোটের জের, আজ পঞ্জাব এফসির বিরুদ্ধে অনিশ্চিত জেমি
শো-এর নতুন প্রোমো সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা শুরু হয়েছে প্রতিযোগী দুর্নিবার সাহাকে নিয়ে। বিগ বসের ঘরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে প্রবেশ করতে দেখেই কান্নায় ভেঙে পড়েন দুর্নিবার। বাকি প্রতিযোগীরা হাততালি দিয়ে প্রসেনজিৎকে স্বাগত জানালেও, দুর্নিবার নিজেকে ধরে রাখতে পারেননি।
আসলে, প্রসেনজিতের আপ্তসহায়ক ঐন্দ্রিলা সেনের সঙ্গে বিয়ে হওয়ার সূত্রে দুর্নিবার অভিনেতার অত্যন্ত কাছের এবং পারিবারিক সদস্য। বুম্বাদাকে হঠাৎ চোখের সামনে দেখে ঘরের ভেতরে থাকা দুর্নিবার আবেগপ্রবণ হয়ে পড়েন। এই দৃশ্য দেখে নেটিজেনদের একাংশ যেমন ঠাট্টা করে বলছেন “এবার জামাই নিশ্চিত জিতবে”, তেমনই অন্য অংশ দুর্নিবারের এই আবেগকে কটাক্ষ করতেও ছাড়েননি। দুর্নিবার ছাড়াও ঘরে থাকা ভরত কল ও মনামী ঘোষের মতো চেনা মুখের সঙ্গে প্রসেনজিতের দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। অন্যদিকে জীতু কমলের সঙ্গে তাঁর সমীকরণ নরমে-গরমে হওয়ায় শো-এর মোড় কোন দিকে ঘোরে, তা দেখতে উদগ্রীব দর্শকেরা।
আরও পড়ুন: বছরে ৩০ দিন কাজ করলেই পুজোর বোনাস! বড় সিদ্ধান্ত স্বাস্থ্য দফতরের
তবে টলিউড সুপারস্টারের এই আগমনকে কেন্দ্র করে বিগ বসের নিয়মাবলীতেও আসতে চলেছে বড় রদবদল। বিনোদন অন্দরের গুঞ্জন, বিশেষ অতিথি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের উপস্থিতিকে উদযাপন করতে চলতি সপ্তাহে হয়তো বিগ বসের ঘর থেকে কোনও প্রতিযোগী এলিমিনেট বা বাদ পড়বেন না। চলতি সপ্তাহে ভরত কল, দুর্নিবার সাহা, নন্দিনী দত্ত, রাজবীর দে ও নিরঞ্জন মণ্ডল—এই পাঁচজন এভিকশনের তালিকায় থাকলেও শনিবারই রাজবীর ও নিরঞ্জন সেফ জোনে চলে গিয়েছেন। বাকিদের ভাগ্য রবিবার রাতে কী হয়, কিংবা বুম্বাদার উপস্থিতিতে নতুন কোনও টুইস্ট আসে কি না, তার উত্তর মিলবে আজ রাত সাড়ে ৯টায়।















