বাংলা বিনোদন জগতে এখন চর্চার কেন্দ্রবিন্দুতে শুধুই বিগ বস (Bigg Boss Bangla) । সলমন খানের সঞ্চালনায় হিন্দি বিগবস দেখতে অভ্যস্ত অনুরাগীরা বাংলায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Saurav Ganguly) উপস্থাপনা খুব একটা মেনে নিতে পারছেন না। তার উপর আবার বিগবসের ঘরে যেভাবে অশালীন শব্দ প্রয়োগ করা থেকে শুরু করে গালিগালাজ চলছে তাতে অনেকেই হিন্দি ভার্সনের নির্লজ্জ অনুকরণ করে টিআরপি বাড়ানোর চেষ্টা হচ্ছে বলে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করতে শুরু করেছেন। এরই মাঝে হঠাৎ করে বিগ বস বাংলার নতুন প্রোমো চমকে দিল দর্শকদের। ওয়াইল্ড কার্ড এন্ট্রি (Wild Card Entry) নিতে চলেছেন হ্যান্ডসাম নায়ক। কে তিনি? বাড়ছে জল্পনা।
'বিগ বস বাংলা' শো শুরু থেকেই প্রতিযোগীদের বন্ধুত্ব থেকে বাক-বিতণ্ডা; খুনসুটি থেকে ঝগড়া সবটাই ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। প্রথম সপ্তাহে বাদ পড়েছেন অভিনেতা অনিন্দ্য সেনগুপ্ত। প্রবল অশান্তির মাঝেই এবার রবিবাসরীয় রাতে বিগ বসের ঘরে আসতে চলেছেন নতুন প্রতিযোগী। প্রোমোতে দেখা গেছে কালো প্যান্ট, নীল টি শার্ট, চোখে রোদ চশমা আর বাম হাতে ব্লেজার ঝুলিয়ে ছ ফুট লম্বা সুঠাম দেহের এক পুরুষ এগিয়ে যাচ্ছেন। তাহলে কি ওয়াইল্ড কার্ড এন্ট্রি হতে চলেছে জিতু কামালের (Jeetu Kamal)? অভিনেতা সমাজ মাধ্যমে বারবার জল্পনা বাড়িয়েছেন। যদিও দর্শকরা মনে করছেন প্রমোতে যাকে দেখানো হয়েছে তার সঙ্গে জিতুর বিন্দুমাত্র চেহারার মিল নেই। তাহলে কে? ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে এই বিশেষ ব্যক্তিটি হলেন মেগা সিরিয়ালের এককালের হিট নায়ক জয় মুখোপাধ্যায়। এই রিয়ালিটি শোয়ের মাধ্যমেই টেলিভিশনে তাঁর প্রত্যাবর্তনের সম্ভাবনা!
অভিনেতা জয়ের সঙ্গে দীর্ঘ সময় অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের একটা গভীর সম্পর্ক ছিল।পরবর্তীকালে দুজনেই নানা তিক্ততা প্রকাশ করেন। ঝগড়া অশান্তি নিয়ে একনাগাড়ে চর্চা শুরু হতেই কিছুদিনের মধ্যে দুজনের ব্রেকআপ হয়। এরপর জয় একাধিক সম্পর্কে জড়িয়ে পড়েন বলে খবর ছড়িয়েছিল। 'চোখের তারা তুই' ধারাবাহিকের মাধ্যমে টেলি জগতে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন জয়। তাঁর মহিলা ফ্যানের সংখ্যাও কিছু কম ছিল না। তবে পরবর্তীতে প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার সঙ্গে সেটে ব্যবহারের জন্য তিনি একটি ধারাবাহিক থেকে বাদ পড়েন। বিতর্ক শুরু হতে কার্যত সিনে ক্যারিয়ার শেষ হওয়ার জায়গায় পৌঁছে যায় জয়ের। এবার কি তাহলে বিগবস বাংলার মাধ্যমেই তিনি আবার ফিরতে চলেছেন? উত্তর মিলবে আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই।
















