আগমনী আবাহনে আজ মহালয়া তিথিতে দুর্গাপুজোর উদ্বোধন করবেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। মেগা অনুষ্ঠানের মধ্য দিয়ে শারদোৎসব বরণে তৈরি ইডেন গার্ডেন্স। শনিবার বিকেল চারটে নাগাদ শোভাযাত্রা করে মুখ্যমন্ত্রী সহ রাজ্য সভার মন্ত্রীরা পৌছবেন ইডেন গার্ডেন্সে, রাত ন'টা পর্যন্ত চলবে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী না আসায় বেশকিছু পুজোর ভার্চুয়াল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যপাল আর এন রবিও। শেষ মুহূর্তের প্রস্তুতি মহানগরীতে। 

প্রায় ৪০ হাজার দর্শকের উপস্থিতিতে শারদীয়ার আবাহনী সুর বেজে উঠবে ইডেনে। মেগা ইভেন্ট ঘিরে বাড়ছে উন্মাদনা।ইডেনের মূল সাংস্কৃতিক মঞ্চে সংগীত পরিবেশন করবেন সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তী, কৌশিকী চক্রবর্তী, দেবশ্রী ভট্টাচার্য, শান্তনু মৈত্র, অন্তরা মিত্র ও শান প্রমুখেরা। থাকছে জনপ্রিয় ব্যান্ড 'দোহার'। এদিনের অন্যতম আকর্ষণ ড্রোন শো। একযোগে হাজারের বেশি ঢাকের বলে নয়া ইতিহাসের সাক্ষী থাকতে চলেছে ইডেন। জানা গিয়েছে, এদিন বিকেলে হুড খোলা জিপে পুরো মাঠ প্রদক্ষিণ করে দর্শকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে পারেন মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল।ভিতরে যাঁরা প্রবেশ করতে পারবেন না বা জেলার মানুষদের জন্য রাজ্য জুড়ে জায়ান্ট স্ক্রিনে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করেছে প্রশাসন।

কলকাতার পাশাপাশি বাংলার বিভিন্ন প্রান্তে রাজ্য সরকারের পর্যটন এবং তথ্য ও সংস্কৃতি দফতরের যৌথ উদ্যোগে ১০ অক্টোবর মহালয়া থেকে শুরু হওয়া শারদোৎসব চলবে আগামী ২৬ অক্টোবর পর্যন্ত। যেখানে পশ্চিমবঙ্গের ১২টি জেলায় উৎসবের আলোয় ধরা দেবে লোকসংস্কৃতি- হস্তশিল্প, ঐতিহ্যের মেলবন্ধন।