প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন (Narendra Modi Birthday) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অনুপস্থিত থাকার অভিযোগে পড়ুয়াদের নোটিশ দেওয়া এবং ৫০০ টাকা জরিমানা ঘিরে বিতর্ক তৈরি হয়েছে IIM জম্মুতে (Jammu)। বিষয়টি নিয়ে কংগ্রেসের তরফে ইতিমধ্যেই প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। ১৭ সেপ্টেম্বর ‘দীপক লাইটিং সেরিমনি’ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ওই অনুষ্ঠানে অনুপস্থিত কয়েকজন পড়ুয়াকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশে  নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব না দিলে ৫০০ টাকা জরিমানার কথাও উল্লেখ ছিল বলে দাবি করা হয়েছে।

আরও পড়ুন: শানটিংয়ের সময় বালুরঘাটে লাইনচ্যুত ফরাক্কা এক্সপ্রেসের ইঞ্জিন


ঘটনাটি প্রকাশ্যে আসার পর কংগ্রেস নেতা (Congress Leader) সৈয়দ নাসের হুসেন বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর বক্তব্য, কোনও রাজনৈতিক নেতার জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পড়ুয়াদের উপস্থিতি বাধ্যতামূলক করা উচিত নয়। এক্স হ্যান্ডলে লেখেন, ''মোদির জন্মদিন সেলিব্রেশনে পড়ুয়াদের উপস্থিতি কেন বাধ্যতামূলক করা হবে? আইআইএম জম্মু কি মোদির প্রচারে ব্যস্ত? শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উচিত নিরপেক্ষ, স্বাধীন চিন্তাভাবনাকে উৎসাহিত করা। তার বদলে পড়ুয়াদের রাজনৈতির নেতার অনুষ্ঠানে আসার জন্য জোর করা হচ্ছে, না হলে জরিমানা! এটা মেনে নেওয়া যায় না।''

বিপাকে পড়েই IIM জম্মুর পক্ষ থেকে জানানো হয় অনুষ্ঠানটি বাধ্যতামূলক ছিল না এবং ৫০০ টাকা জরিমানাও প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আরোপ করেনি। যে নোটিসটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, সেটি স্টুডেন্টস কাউন্সিলের তরফে জারি করা হয়েছিল। এদিকে বিপদ বুঝে স্টুডেন্টস কাউন্সিলের তরফেও জানানো হয়েছে, প্রাথমিকভাবে প্রায় ৬৫ জন পড়ুয়াকে নোটিস দেওয়া হয়েছিল। তাঁদের মধ্যে কেউ প্লেসমেন্টের কাজে এবং কেউ অসুস্থতার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। পরে ওই নোটিস প্রত্যাহার করা হয়। কিন্তু এখানেই প্রশ্ন উঠছে—অনুষ্ঠানে অনুপস্থিতির জন্য জরিমানার হুঁশিয়ারি কেন দেওয়া হয়েছিল এবং সেই সিদ্ধান্তের সঙ্গে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের আদৌ কোনও প্রত্যক্ষ যোগ ছিল কিনা।