বালুরঘাট স্টেশনে (Balurghat Station) শানটিংয়ের সময় লাইনচ্যুত ফরাক্কা এক্সপ্রেসের (Farakka Express) ইঞ্জিন। সোমবার দুপুরে যাত্রী নামিয়ে ট্রেনটিকে পিট লাইনের দিকে নিয়ে যাওয়ার সময় আউটলাইনে হঠাৎ ইঞ্জিনের সামনের চাকা লাইনের বাইরে চলে যায়। ট্রেনে (Train) সেই সময়ে কোনও যাত্রী না থাকায় বড়সড় বিপত্তি এড়ানো গিয়েছে। এদিনের ঘটনায় হতাহতের খবর নেই তবে স্বাভাবিকভাবেই রেলের পরিষেবা নিয়ে অনিশ্চয়তার প্রশ্ন উঠল আরও একবার।
আরও পড়ুন: বন্ধ হতে পারে রেশন কার্ড! ১ অক্টোবর থেকে বড় পদক্ষেপ, জানুন বিস্তারিত
রেল সূত্রে খবর, দুপুর ১২টার পর ফরাক্কা এক্সপ্রেস বালুরঘাট স্টেশনে পৌঁছয়। যাত্রীরা নেমে যাওয়ার পর ট্রেনটি পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় ৩ নম্বর প্ল্যাটফর্মের দিকে শানটিং করার সময় বিপত্তি ঘটে। ইঞ্জিনের সামনের অংশ লাইনের বাইরে চলে যাওয়ায় সঙ্গে সঙ্গে শানটিংয়ের কাজ বন্ধ করে দেওয়া হয়।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্টেশন চত্বরে ভিড় জমে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেলের (Rail) আধিকারিকরা। কী কারণে শানটিংয়ের সময় ইঞ্জিনটি লাইনচ্যুত হল, তা খতিয়ে দেখা হচ্ছে। গতি, লাইনের অবস্থা কিংবা কোনও প্রযুক্তিগত ত্রুটির জন্য এই ঘটনা ঘটেছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে, সোমবার বিকেল ৫টায় বালুরঘাট থেকে ফরাক্কা এক্সপ্রেসের ছাড়ার কথা রয়েছে। ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় নির্ধারিত সময়ে ট্রেনটি চলবে কিনা, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত লাইনচ্যুত ইঞ্জিনটিকে লাইনে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। কাটিহার থেকে বিশেষ উদ্ধারকারী ট্রেন আনার ব্যবস্থা করা হয়েছে। সপ্তাহের শুরুতেই ব্যস্ত সময়ে স্টেশনে শানটিং চলাকালীন ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার ঘটনায় রেল কর্তৃপক্ষের নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে তদন্ত শেষ হলেই ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট হবে।
















