দিল্লি পুলিশের ( Delhi Police) বড়সড় সাফল্য। পুলিশের তৎপরতায় আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পেলেন ব্রিকস ( BRICS) সম্মেলনে যোগ দিতে ভারতে আসা দক্ষিণ আফ্রিকার ( South Africa) এক অতিথি। প্রায় ৩ লক্ষ টাকা ভর্তি একটি ব্যাগ ভুল করে গাড়িতে ফেলে এসেছিলেন তিনি। অভিযোগ পাওয়ার পর দ্রুত তদন্তে নেমে মাত্র এক ঘণ্টার চেষ্টায় সেই ব্যাগ উদ্ধার করে পুলিশ (Police)। দেশে ফেরার বিমানে ওঠার মাত্র আধঘণ্টা আগে ব্যাগটি ফিরে পান ওই বিদেশি অতিথি।

আরও পড়ুন: তিন বছরে তৃতীয়বার ভাঙচুর আম্বেদকরের মূর্তি! যোগীরাজ্যের ঘটনায় শোরগোল

সূত্রের খবর, দক্ষিণ আফ্রিকা থেকে অতিথি হিসাবে দুমিসা মরিস সোবেকউই ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লিতে ( Delhi) এসেছিলেন। সম্মেলন উপলক্ষে তিনি কনট প্লেসের একটি হোটেলে ছিলেন। রবিবার সম্মেলন শেষ হওয়ার পর রাতেই তাঁর দক্ষিণ আফ্রিকায় ফিরে যাওয়ার কথা ছিল। তার আগে ব্যক্তিগত কাজে গুরুগ্রামে যান তিনি। গুরুগ্রাম থেকে দিল্লির হোটেলে ফেরার সময় একটি ভাড়ার গাড়িতে ওঠেন সোবেকউই। কিন্তু হোটেলে পৌঁছনোর পর তিনি বুঝতে পারেন, তাঁর টাকার ব্যাগটি গাড়িতেই রয়ে গিয়েছে। ব্যাগের মধ্যে ছিল বেশ কিছু মার্কিন ডলার এবং ভারতীয় মুদ্রা। সব মিলিয়ে প্রায় ৩ লক্ষ টাকা ছিল বলে সূত্রের খবর। 

এরপর হোটেলের মাধ্যমে থানায় অভিযোগ জানান তিনি। অভিযোগ পেয়েই নড়েচড়ে বসে দিল্লি পুলিশ। ওই অতিথি যে গাড়িতে গুরুগ্রামে গিয়েছিলেন, সেই গাড়ি ও চালকের পরিচয় খুঁজে বের করার কাজ শুরু হয়। চালকের মোবাইল ফোন বন্ধ থাকায় প্রথমে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরিস্থিতি বুঝে দ্রুত একটি বিশেষ তদন্তকারী দল গঠন করে তল্লাশি শুরু করে পুলিশ। গাড়ি ও চালকের সন্ধানে প্রায় এক ঘণ্টা ধরে চেষ্টা চালানোর পর শেষ পর্যন্ত ব্যাগটির হদিস মেলে। এরপর নিরাপদে ওই ব্যাগ উদ্ধার করে পুলিশের তরফে তা সোবেকউইয়ের হাতে তুলে দেওয়া হয়। দেশে ফেরার বিমানে ওঠার ঠিক ৩০ মিনিট আগে ব্যাগ ফিরে পাওয়ায় স্বস্তি পান দক্ষিণ আফ্রিকার ওই অতিথি। পুলিশের দ্রুত পদক্ষেপে খোয়া যাওয়া টাকা ও অন্যান্য সামগ্রী ফিরে পাওয়ার পর দিল্লি পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।