একসময় যুদ্ধের ময়দানে সৈনিকের চোখই ছিল সবচেয়ে বড় ভরসা। এখন সেই জায়গা ক্রমশ দখল করছে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), স্বয়ংক্রিয় ব্যবস্থা আর আকাশে উড়ে বেড়ানো ড্রোন (Drone)। শত্রুর গতিবিধি নজরে রাখা থেকে শুরু করে হামলার লক্ষ্য চিহ্নিত করা, মানুষের সরাসরি উপস্থিতি ছাড়াই একের পর এক কাজ করে ফেলছে এই প্রযুক্তি। সেই ভবিষ্যতের যুদ্ধকৌশলকেই এবার পোখরানের (Pokhran) মাটিতে পরীক্ষা করে দেখছে ভারতীয় বায়ুসেনা (Indian Air Force)।

আরও পড়ুন: দু’দিন পর খুলল দমদমের সার কারখানা, অশান্তির অভিযোগে গ্রেফতার ২

রাজস্থানের (Rajasthan) পোখরান ফিল্ড ফায়ারিং রেঞ্জ এখন কার্যত পরিণত হয়েছে ড্রোন প্রযুক্তির পরীক্ষাগারে। ১৪ সেপ্টেম্বর থেকে পোখরানে শুরু হয়েছে ‘IAF Dronathon-2026’। তিন দিনের এই প্রদর্শনী শেষ হবে ১৬ সেপ্টেম্বর। সোমবার অনুষ্ঠানের উদ্বোধন করেন বায়ুসেনা প্রধান আশুতোষ দীক্ষিত (Ashutosh Dixit)। তবে এটি নিছক কোনও প্রযুক্তি প্রদর্শনী নয়। যুদ্ধক্ষেত্রের প্রতিকূল পরিস্থিতিতে ড্রোন কতটা দ্রুত সিদ্ধান্ত নিতে পারে, কতটা নির্ভুল ভাবে নজরদারি চালাতে পারে এবং আচমকা পরিস্থিতি বদলে গেলে কী ভাবে নিজের কাজের ধরন পাল্টাতে পারে, পোখরানে চলছে তারই পরীক্ষা।

আরও পড়ুন: শালবনি মামলার তদন্তে কালীঘাটে সিআইডি, সুমিতকে নিয়ে ফ্ল্যাটে তল্লাশি

 

এই পরীক্ষায় অংশ নিয়েছে ২০টিরও বেশি দেশীয় প্রতিরক্ষা সংস্থা, স্টার্ট-আপ, এমএসএমই এবং ডিপিএসইউ। প্রতিরক্ষা মন্ত্রকের শীর্ষ আধিকারিকদের পাশাপাশি উপস্থিত রয়েছেন সেনা ও বিএসএফের আধিকারিকরাও। নজরদারি থেকে স্বয়ংক্রিয় অভিযান, একসঙ্গে বহু ড্রোন পরিচালনার ‘সোয়ার্ম টেকনোলজি’, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং অ্যান্টি-ড্রোন ব্যবস্থা, বিভিন্ন প্রযুক্তির বাস্তব প্রয়োগ তুলে ধরা হচ্ছে এই অনুষ্ঠানে।

পোখরানে আলাদা করে নজর কেড়েছে বায়ুসেনার তৈরি মাল্টি-মোড ‘আনম্যানড ট্র্যাফিক ম্যানেজমেন্ট’ বা UTM ব্যবস্থা। সোমবারই তার সফল পরীক্ষা হয়েছে। একই ব্যবস্থায় সামরিক ও বেসামরিক ড্রোনের গতিবিধি নজরে রাখা, একসঙ্গে বহু ড্রোনের চলাচল নিয়ন্ত্রণ এবং শত্রুপক্ষের ড্রোন শনাক্ত করে প্রতিরোধ করার সক্ষমতা রয়েছে। আধুনিক যুদ্ধের ময়দানে তাই বদলে যাচ্ছে অস্ত্রের সংজ্ঞাও। পোখরানে ‘IAF Dronathon-2026’-এর মাধ্যমে ভারতীয় বায়ুসেনা কার্যত সেই বার্তাই দিচ্ছে। আগামী দিনের যুদ্ধে আকাশে শুধু যুদ্ধবিমান নয়, গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে স্বয়ংক্রিয় যুদ্ধযন্ত্রও।